Main Menu

সিলেটের দুই ল্যাবে ১১০ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে একদিনে আরও ১১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৬৭ জনের এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৪৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তরা বিভাগের চার জেলার বাসিন্দা।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার ৫৫ জন, সুনামগঞ্জের ৭ জন, হবিগঞ্জের ১ জন এবং মৌলভীবাজার জেলায় ৪ জন রয়েছেন। শনাক্তদের মধ্যে ২ জন চিকিৎসকও রয়েছেন।

এদিকে সিলেট জেলায় নতুন শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ৪১ জন, ওসমানীনগরের ৩ জন, গোলাপগঞ্জের ৫ জন, গোয়াইনঘাটের একজন, জকিগঞ্জের ২ জন, বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জের একজন করে রয়েছেন।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, ‘শাবির ল্যাবে আজ ১৪৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ৩১ জন সিলেট জেলার এবং ১২ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।’

সবশেষ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১০টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৫১ জনে। এরমধ্যে সিলেট জেলায় ৩৮৭৩ জন, সুনামগঞ্জে ১৩৮৪ জন, হবিগঞ্জে ১০৯২ জন এবং মৌলভীবাজারে ৯০২ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মারা গেছেন ১২৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯২, সুনামগঞ্জে ১৩, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

অন্যদিকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগে ২ হাজার ৯৫৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৯৫২ জন, সুনামগঞ্জে ১০২৪ জন, হবিগঞ্জে ৫১৫ জন, মৌলভীবাজারে ৪৬২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

Share





Related News

Comments are Closed