Main Menu

৭ মাস পর সিলেটে তরুণী হত্যার রহস্য উদঘাটন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রায় সাড়ে ৭ মাস পর সিলেটে একটি হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার ইয়াছিন মিয়া (২৫) নামের এক আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। ইয়াছিন নগরের কালীঘাট আমজাদ আলী রোডের (ভাসমান) জিনু মিয়ার পুত্র।

শুক্রবার (১৭ জুলাই) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ সালের ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা হতে রাত ১১টার মধ্যে নগরের কোতোয়ালী মডেল থানাধীন তোপখানা সড়ক বিভাগের অফিসের সামনে সুরমা নদীর তীরে ফুটপাতের রেলিংয়ের নিচে ভিকটিম মোছা: কুলসুমা আক্তার ফাতেমাকে অজ্ঞাতনামা আসামী হত্যা করে ফেলে যায়। এ এসআই মো: দেলোয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে এজাহার দাখিল করেন। কোতোয়ালী মডেল থানার মামলা নং-৬২ তারিখ-২৬/১১/২০১৯ইং।

পরবর্তীতে এ চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার ঘটনায় উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার একটি চৌকস দল এ মামলার প্রধান আসামী ইয়াছিন মিয়াকে তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ১৬ জুলাই রাত আড়াইটায় ঢাকাস্থ মিরপুর-৬ এলাকা হতে গ্রেফতার করেন। গ্রেফতারের পর সে ওই তরুণীকে হত্যার পর পালিয়ে যাবার কথা স্বীকার করে সে। এ ব্যাপারে সে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

Share





Related News

Comments are Closed