Main Menu

‘৪৮ ঘন্টার মধ্যে’ করোনার রিপোর্ট পাবেন প্রবাসীরা

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আসা প্রবাসীরা এখন বিদেশে ফিরে যেতে ‘করোনাভাইরাসমুক্ত’ সার্টিফিকেট লাগবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে একটি আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় প্রবাসীরা করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার রিপোর্ট যাতে দ্রুত পান, সেজন্য আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট সিলেট অঞ্চলের পক্ষ থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে আবেদন জানানো হয়েছিল।

সেই আবেদনে সাড়া দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে প্রবাসীদের করোনা শনাক্তকরণ পরীক্ষার রিপোর্ট প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।

এমনটাই জানিয়েছেন আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট সিলেট জেলার চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল।

জানা গেছে, বর্তমানে করোনা শনাক্তকরণ পরীক্ষার রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যায়। কিন্তু বিদেশগামীদের ফ্লাইটের দিন থেকে আগের ৪ দিনের ভেতর এ পরীক্ষার রিপোর্ট প্রয়োজন। এ প্রেক্ষিতে আজ সোমবার আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট সিলেট অঞ্চলের পক্ষ থেকে একটি লিখিত আবেদন করা হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে। প্রবাসীদের সুবিধার বিষয়টি মাথায় রেখে ১-২ দিনের মধ্যে এ রিপোর্ট প্রদানের আহবান জানান তারা।

আবেদনের প্রেক্ষিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে প্রবাসীদের করোনা পরীক্ষার রিপোর্ট প্রদান করার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট সিলেট জেলার চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল।

তবে বিষয়টি নিশ্চিত করে আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্টের জোনাল কমিটির সদস্য ইসমাইল হোসেন একটি সংবাদবিজ্ঞপ্তি প্রেরণ করেছেন। সেখানেও লিখিত আবেদন ও হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed