Main Menu

জাফলংয়ে নিখোঁজ বালু শ্রমিকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নিখোঁজ এক বালু শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টায় সেলিম মিয়া (৩০) নামের ওই শ্রমিকের লাশ ভেসে উঠে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সিলেট অফিসের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কারনায়েন। লাশটি গোয়াইনঘাট থানা পুলিশের হেফাজতে রয়েছে। অপর শ্রমিক বাবুল মিয়ার (৩৫) সন্ধান এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি। সেলিম মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকার মৃত আব্দুল করিমের পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে বালু ভর্তি নৌকা নদীর তীরে বেঁধে রেখে বাবুল ও সেলিমসহ ১১ জন শ্রমিক ঘুমিয়েছিলেন। রাত ২ টার দিকে উজান থেকে নেমে আসা নদীর তীব্র স্রোতে একটি খালি বাল্কহেডের ধাক্কায় বালুবোঝাই নৌকাটি ডুবে যায়। নৌকাতে থাকা ১১ জন বালু শ্রমিকের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও ২ জন শ্রমিক নিখোঁজ থেকে যায়।

খবর পেয়ে শুক্রবার সকাল ৬টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারের তৎপরতা শুরু করে। সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের সন্ধান মিলেনি। অবশেষে রোববার সন্ধায় এক শ্রমিকের লাশ ভেসে উঠে।

Share





Related News

Comments are Closed