Main Menu

সিলেট জেলায় আরও ৮৮ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে আজ মঙ্গলবার আরও ৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলার ৮৮ জন ও সুনামগঞ্জের ১০ জন রয়েছেন। তাদের নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬০ জনে।

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, আজ ২৮২টি নমুনা পরীক্ষা করে ৭২ জনের মধ্যে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা বলে জানান তিনি।

এদিকে, আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এ বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তন্মধ্যে সিলেট জেলার ১৬ জন ও সুনামগঞ্জের ১০ জন রয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬০ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ২৫৪৫ জন। এছাড়া সুনামগঞ্জে ৯৯২ জন, হবিগঞ্জে ৫৯৩ জন ও মৌলভীবাজারে ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ২৬৭ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ২ হাজার ২২৭ জন করোনা আক্রান্ত রোগী।

আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত (সোমবার রাত) সিলেট বিভাগে মারা গেছেন ৭৫ জন। এরমধ্যে সিলেটে ৫৯, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে ছয়জন এবং হবিগঞ্জে ছয়জন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

Share





Related News

Comments are Closed