Main Menu

ধর্মপাশায় বজ্রপাত ও নৌকা ডুবে ৩ জেলের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে মাছ ধরতে গিয়ে পৃথকভাবে বজ্রপাত ও নৌকা ডুবে তিন জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার চামরদানি ইউনিয়নের খানির হাওরে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বাবলু মিয়া (২৮) নামের এক জেলে ঘটনাস্থলে নিহত হয়। এ সময় বাবুল মিয়ার সাথে নৌকায় থাকা আউয়াল মিয়া (৩৫) নামের এক জেলে নিখোঁজ হয়।

শুক্রবার (২৬ জুন) সকালে আউয়াল মিয়ার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত বাবলু মিয়া আমজুড়া গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে ও আউয়াল মিয়া একই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। বজ্রপাতের সময় নৌকায় থাকা অন্তত আরো ৫ জন জেলে আহত হয়। ওইদিন রাতে জেলেরা হাওরে সঙ্গবদ্ধভাবে নৌকায় করে প্রতিদিনের মতো মাছ ধরতে নেমেছিল।

এদিকে শুক্রবার সকাল ১০টায় উপজেলার বাইনচাপড়া হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকা ডুবে জাহাঙ্গীর আলম (২৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। জাহাঙ্গীর আলম বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামের বাসিন্দা ওয়াহেদ আলীর ছেলে।

মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন পৃথক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed