Main Menu

দোয়ারায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী শিশুসহ দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ও বিকালে তাদের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে পারভেজ (১১) নামের এক মানসিক প্রতিবন্ধি (মৃগী রোগী) শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়। বাংলাবাজার ইউনিয়নের রাউলী গ্রামের ফসলি জমির পাশে কচুরিপনায় ভরপুর এক ডোবা থেকে উদ্ধার করা হয় তার লাশ। সে পার্শ্ববর্তী পাইকপাড়া গ্রামের আওলাদ মিয়ার ছেলে। আগের দিন সোমবার বিকাল থেকেই সে নিখোঁজ ছিল। একেবারে পাশেই রাউলি গ্রামে পারভেজের নানাবাড়ি। ওই বাড়ির পাশেই কচুরিপনায় ভরপুর ওই ডোবাটিও। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার দুপুরে তার ভাসমান লাশ দেখতে পান স্বজনরা।

ও্ইদিন বিকাল ৩টার দিকে একই ইউনিয়নের দক্ষিণ উস্তিঙ্গেরগাঁও গ্রামে নিজেদের বসতঘরের পার্শ্ববর্তী পুকুর থেকে সায়মা নামের ৭ বছর বয়সী আরেক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই সে নিখোঁজ ছিল। সায়মা ওই গ্রামের আব্দুল আওয়ালের মেয়ে। সকালের কোনো এক সময় বাড়ির সকলের অজান্তে সে পুকুরে পড়ে যায়।

স্থানীয় বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার জসিম উদ্দিন রানা বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। অভিভাবকসহ গ্রামের মুরব্বিদের সঙ্গে কথা বলে পানিতে ডুবে শিশু দুটির মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছেন বলে জানান এ চেয়ারম্যান।

Share





Related News

Comments are Closed