সিলেটে রেডজোনে লকডাউন ২দিন পেছানোর প্রস্তাব
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের রেড জোন চিহ্নিত হওয়া এলাকাগুলোতে বৃহস্পতিবার (১৮ জুন) থেকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে সিলেট সিটি করপোরেশনের প্রস্তাব, দুদিন পিছিয়ে শনিবার থেকে লকডাউন কার্যকরের।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের এক বৈঠকে প্রশাসনের কাছে লিখিত আকারে এই প্রস্তাব প্রদানের সিদ্ধান্ত হয়। বুধবার লিখিতভাবে এমন প্রস্তাবনা প্রদান করা হবে বলে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে।
এরআগে মঙ্গলবার দুপুরে সিলেটে সার্কিট হাউসে জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলামের সভাপতিত্বে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের এক সভায় সিলেটের রেডজোন চিহ্নিত হওয়া এলাকাগুলোতে বৃহস্পতিবার থেকে লকডাউন কার্যকরের সিদ্ধান্ত হয়। সিলেট নগরীর ৩টি বাদে বাকী ২৪ ওয়ার্ডকেই রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে সিলেট সিভিল সার্জন কার্যাালয় সূত্রে জানা গেছে।
লকডাউন দুদিন পেছানোর প্রস্তাব প্রসঙ্গে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আজকের বৈঠকে নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করে কাউন্সিলররা এই প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, এবারের লকডাউন খুব কঠোর হবে। তাই লকডাউন শুরুর আগে নাগরিকদের জরুরী কাজ সেরে নেওয়ার জন্য দুদিন সময় দেওয়া প্রয়োজন বলে মনে করছি। এ কারণে শনিবার থেকে লকডাউন কার্যকরের আহ্বান জানিয়ে প্রশাসনকে একটি লিখিত প্রস্তাব প্রেরণের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সদ্য প্রয়াত সিসিক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোক জ্ঞাপন করে বৈঠকের কার্যক্রম শুরু হয়। মেয়রের সভাপতিত্বে এই সভায় সিসিকের প্রায় সকল কাউন্সিলর ও সব বিভাগের প্রধানরা অংশ নেন।
এরআগে মঙ্গলবার বিকেলে সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল বলেছিলেন, আমরা রেডজোন চিহ্নিত হওয়া এলাকাকে লকডাউন করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। তবে মানুষজনকে একদিনের সময় দিতে চাই। তাই বৃহস্পতিবার থেকে এটি কার্যকর হবে। নগরীর ভেতরে যেহেতু রোগী বেশি তাই নগরীর বেশিরভাগ এলাকায়ই রেডজোন হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হবে। নগরীর উত্তর সুরমায় থাকা ১ থেকে ২৪ নম্বর ওয়ার্ড এলাকাগুলোতে করোনা রোগী সবচেয়ে বেশি। তাই এখানকার সবগুলো ওয়ার্ডই লকডাউন করা হতে পারে।
প্রসঙ্গত, করোনা সংক্রমণের হার বিবেচনায় দেশের বিভিন্ন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিণ জোন হিসেবে ভাগ করে সরকার। সোমবার রেড ও ইয়েলো জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আর রেড জোনে সেনাবাহিনীর টহল বাড়ানোর কথাও সরকারি তরফ থেকে জানানো হয়েছে।
এরআগে করোনা সংক্রমণ ঠেকাতে গত ১১ এপ্রিল সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করেছিলেন জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।
এদিকে সবশেষ মঙ্গলবার (১৬ জুন) পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৫৩৫ জন, সুনামগঞ্জে ৬৪১, হবিগঞ্জে ২৬১ ও মৌলভীবাজার জেলায় ২১৫ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া ২৯৫ জনের মধ্যে সিলেটে ১৫৪, সুনামগঞ্জে ১০৯, হবিগঞ্জে ২৬ ও মৌলভীবাজারে ৬ জন।
অন্যদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪২ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ৪ জন এবং মৌলভীবাজারে চারজন।
সবশেষ মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৯৬ জন, সুনামগঞ্জে ১৩১, হবিগঞ্জে ১৫৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭৫ জন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed