Main Menu

নেপালের নতুন মানচিত্র পাস পার্লামেন্টে

আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত তিন এলাকা অন্তর্ভূক্ত করে দেশের নতুন মানচিত্রের অনুমোদন দিলো নেপালের পার্লামেন্ট। শনিবার (১৩ জুন) পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হয়েছে নতুন মানচিত্র অনুমোদনের সংবিধান সংশোধনী বিল।

ভারতের দাবি, নেপাল সীমান্তবর্তী লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখক উত্তরাখণ্ড রাজ্যের অন্তর্ভূক্ত। আর নেপালের দাবি, এই তিন এলাকা তাদের সীমান্তেরই অংশ।

সামরিক দৃষ্টিভঙ্গিতে ভারতের কাছে এই তিনটি এলাকা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বহু বছর ধরেই লিপুলেখ গিরিপথ কৈলাস ও মানস সরোবরের তীর্থযাত্রীরা ব্যবহার করে আসছেন।

গত মাসে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৮০ কিলোমিটার দীর্ঘ তাওয়াঘাট-লিপুলেখ সড়কের উদ্বোধন করেছিলেন। এ ঘটনায় নেপাল তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে জানিয়েছিল, ভারত অবৈধভাবে তাদের দেশের ভেতর দিয়ে সড়ক নির্মাণ করছে।

এর পরপরই নেপাল তাদের মানচিত্র সংশোধনের উদ্যোগ নেয়। ৩১ মে দেশটির আইনমন্ত্রী শিবমায়া তুম্বাহাম্পি পার্লামেন্টে মানচিত্র সংশোধন বিলের খসড়া পেশ করেন।

শনিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কাঠমান্ডুর পদক্ষেপের সমালোচনা করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘কৃত্রিমভাবে এলাকা বাড়িয়ে নেওয়ার এমন দাবি ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। নেপালের এই আচরণ একতরফা এবং ঐতিহাসিক ঘটনাপ্রবাহের পরিপন্থী।’

Share





Related News

Comments are Closed