Main Menu

১৪৩ যাত্রী নিয়ে সিলেট ছাড়লো কালনী

বৈশাখী নিউজ ডেস্ক: ১৪৩ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য আজ রোববার সকাল সোয়া ৬ টায় সিলেট ছেড়েছে কালনী এক্সপ্রেস। যদিও ১৪টি কোচ নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়া কালনী এক্সপ্রেসে ৫২৪টি আসন ছিলো।

তবে স্বাস্থ্যবিধির কারণ ২৬১ জন (অর্ধেক যাত্রী) নিয়ে রওয়া হওয়ার কথা ছিলো কালনী এক্সপ্রেসের; কিন্তু অনলাইনে ১৪৩ টি টিকিট বিক্রি হওয়ায় এ যাত্রীদের নিয়েই সিলেট ছাড়ে ট্রেনটি।

আর আগামীকাল সোমবার থেকে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ১৬টি কোচ নিয়ে চট্টগ্রামের উদ্দেশে সিলেট ছেড়ে যাবে।

এদিকে দীর্ঘ ৬৬ দিন পর ট্রেন চালু হলেও সিলেট রেলওয়ে স্টেশনে ঢোকার সময় ছিলো না কোনো জটলা। তিন মিটার দূরত্ব মেনে ঢুকতে হয়েছে স্টেশনে। মুখে মাস্ক, ট্রেনে ওঠার সময় প্রত্যেকের হাত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে হয়েছে।

স্টেশনে গিয়ে দেখা গেছে, কালনী এক্সপ্রেস ট্রেনে প্রত্যেকটি বগি পরিষ্কার-পরিচ্ছন্ন। জীবাণুনাশক স্প্রে করা হয়েছে পুরো ট্রেনে। ওয়াশরুমে রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু। ট্রেনের কর্মচারীরা সবাই হাতে গ্লাভস, মুখে মাস্ক পড়েছেন। এ যেন অন্যরকম পরিবেশ। এমন ব্যবস্থাপনায় যাত্রীরাও সন্তুষ্ট।

সকাল সোয়া ৬ টায় ট্রেন ছাড়ার এক ঘণ্টা আগে যাত্রীরা আসতে শুরু করেন। স্টেশন থেকে ট্রেনে ওঠার আগ পর্যন্ত কাউকে জটলা করতে দেয়নি জিআরপি পুলিশ ও আরএনবির সদস্যরা। ট্রেনে দুজনের সিটে একজনকে বসানো হয়েছে।

এছাড়া করোনাভাইরাস রুখতে ট্রেনে যাত্রী ওঠানোর আগে কঠোর স্বাস্থবিধি অনুসরণ করা হয়েছে। প্রত্যেক যাত্রীকে থার্মাল স্ক্যানার দিয়ে দেহের তাপমাত্রা পরীক্ষা করা হয়। তবে কারো শরীরে তাপমাত্রা বেশি পাওয়া যায়নি।

এছাড়া রেলওয়ের চালক থেকে শুরু করে কর্মকর্তা ও নিরপত্তাকর্মীদের গ্লাভস ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তাছাড়া কোনো যাত্রীকেই হাতে গ্লাভস ও মুখে মাস্ক ছাড়া স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতে বা ট্রেনে উঠতে দেওয়া হয়নি। সিলেট-ঢাকা রুটে মাত্র ৫টি স্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি দেবে। ট্রেনে কোনো যাত্রী খাবার পাবেন না। এক কোচ থেকে অন্য কোচে বিচরণ করতে পারবেন না বলে জানা গেছে।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান জানিয়েছেন, ‘আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি যথাসময়ে সিলেট ছেড়েছে। তবে অনলাইনে ১৪৩ জন যাত্রী টিকিট কেটেছেন। সেজন্য ১৪৩ জন যাত্রী নিয়ে ট্রেনটি সিলেট ছাড়ে। আর পাহাড়িকা আগামীকাল সোমবার সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে যাবে। কারণ আজ সকাল পৌনে ৯ টায় উপবন চট্টগ্রাম থেকে ছেড়ে এসেছে। এটি সিলেট পৌঁছাবে আগামীকাল সকালে। এরপর এই ট্রেন পাহাড়িকা হয়ে সিলেট ছাড়বে বলেও জানান তিনি।’

Share





Related News

Comments are Closed