Main Menu

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ৯০০ ছাড়াল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আগামি দুই-তিন দিনের মধ্যেই সিলেট বিভাগে হাজার ছাড়াতে পারে আক্রান্তের সংখ্যা। পুলিশ, র‌্যাব, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক, স্বাস্থ্যসেবক, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে দিনমজুর- সিলেটে কাউকেই বাদ দিচ্ছে না করোনা। আর বিভাগের অন্য তিন জেলার চাইতে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে সিলেটেই বেশি।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর দৈনিক প্রতিবেদন অনুযায়ী- শনিবার (৩১ মে) সকাল ৮টা পর্যন্ত বিভাগে আক্রান্তের সংখ্যা ৯০৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৯২, সুনামগঞ্জে ১৪৪, হবিগঞ্জে ১৭১ ও মৌলভীবাজার জেলায় ৯৮ জন।

হাসপাতালে ভর্তি আছেন ১০১ জন করোনা রোগী। তার মধ্যে সিলেটে ৩৮, সুনামগঞ্জে ২৯, হবিগঞ্জে ৩২ ও মৌলভীবাজারে ২ জন।

এদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়ে আজ সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন ২১৬ জন। এর মধ্যে সিলেটে ৫৩, সুনামগঞ্জে ৬১, হবিগঞ্জে ৮৬ ও মৌলভীবাজারে ১৬ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, গত ১০ মার্চ হতে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১২,৪৫০ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১০,৯৬৪ জনকে।বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ১৪৮৬ জন। এর মধ্যে সিলেটে ৪৩৩, সুনামগঞ্জে ৫০৩, হবিগঞ্জে ১৯০ ও মৌলভীবাজারে ৩৬০ জন।

এ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন বিভাগের ২৩৯ জন। এর মধ্যে সিলেটে ৭৭, সুনামগঞ্জে ২৯, হবিগঞ্জে ১১৯ ও মৌলভীবাজারে ১৪ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন।

আজ পর্যন্ত সিলেট বিভাগে করোনা কেড়ে নিয়েছে ১৭ জনের প্রাণ। এর মধ্যে সিলেটে ১৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৩ জন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

Share





Related News

Comments are Closed