Main Menu

বিশ্বনাথে পথেই মারা গেলেন মসজিদের ইমাম

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে নিজ কর্মস্থলে আসার পথিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মাওলানা মিজান আহমদ নামের এক মসজিদের ইমাম।

তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা আলীম মাদ্রাসার প্রবীন শিক্ষক ও স্থানীয় বিলপার জামে মসজিদের ইমাম।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর আনুমানিক দুইটার দিকে ইউনিয়নের খাজাঞ্চী রেলওয়ে ব্রীজের অদূরে কান্দিগ্রাম-উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে উদ্ধার করে রাতেই মরদেহ গ্রামের বাড়ি চাঁদপুরে পাঠানো হয়।

জানা গেছে, মাওলানা মিজান আহমদ ওই সময় তার পূর্বের কর্মস্থল বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাকিছিরি গ্রাম থেকে বর্তমান কর্মস্থল একই ইউনিয়নের বিলপার (গোবিন্দনগর) গ্রামে ফিরছিলেন।

স্থানীয়রা জানান, মিজান আহমদ (৫৭) সেখানকার খাজাঞ্চি ইউনিয়নের বিলপার গোবিন্দনগর জামে মসজিদে প্রায় ৩০ বছর ধরে ইমামতি করছিলেন। পাশাপাশি তিনি তেলিকোনা আলিম মাদ্রাসায় শিক্ষকতা করতেন। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের কান্দিগ্রাম-রেলওয়ে ব্রিজ সড়কের পাশে তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন জানান, ‘মিজান আহমদ তার নিজ গ্রামের মসজিদে ইমামতি করতেন। তাঁর উচ্চ রক্তচাপ ছিল। বৃহস্পতিবার সকালে তিনি মসজিদের মতোওয়াল্লিকে জোহরের নামাজ পড়াতে বলে পাশের পাখিচিরি গ্রামে দাওয়াতে গিয়েছিলেন। সে সময় তিনি পুরোপুরি সুস্থ ছিলেন। বেলা দুইটার দিকে স্থানীয় লোকজন কান্দিগ্রাম-রেলওয়ে ব্রিজ সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে খবর দেন। দাওয়াত খেয়ে মসজিদে ফেরার পথে তিনি স্ট্রোক করেছেন বলে তার ধারণা।’

চিকিৎসকের বরাত দিয়ে বিশ্বনাথের ওসি জানা, মিজান আহমদ উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক করে মারা গেছেন। তাঁর বাড়ি চাঁদপুরে। বিশ্বনাথে জানাজা শেষে বৃহস্পতিবার রাতেই মরদেহ চাঁদপুরে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সড়কে ওপর লাশ দেখে এলাকায় মানুষের মধ্যে করোনার আতঙ্ক দেখা দিয়েছিল বলে বিশ্বনাথের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান এ প্রতিবেদককে জানান। পরে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন, ঘটনাস্থলে উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক করেছেন মিজান আহমদ। এতেই তাঁর মৃত্যু হয়েছে। ইমামের পরিবারের লোকজনকে লাশ নিয়ে যাবার অনুমতি দেয়া হয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed