Main Menu

বুধবার থেকে সিলেটে খুলছে মার্কেট-শপিং মল

বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল ফিতরের ছুটি শেষে বুধবার (২৭ মে) থেকে সিলেটে খুলছে মার্কেট ও শপিং মল। ঈদের আগে সরকারি শিথিলতার পরও সিলেটে করোনার সংক্রমণ ঠেকাতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রশংসনীয় উদ্যোগে ঈদ পর্যন্ত মার্কেট-শপিং মল বন্ধ রাখা হয়। তবে নগরের হাসান মার্কেট দুইবার সিন্ধান্ত বদল করে শেষ পর্যন্ত খোলা রাখেন কর্তৃপক্ষ। এছাড়াও খুলেছে হকার্স মার্কেট ও জিন্দাবাজারের কিছু দোকান।

সিলেটে মার্কেট ও শপিং মল খোলা রাখার বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন আজ মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, নগরের মার্কেট ও শপিং মলগুলো বুধবার (২৭ মে) থেকে খোলা শুরু হবে। বুধবার খুলবে জিন্দাবাজারের শুকরিয়াসহ কয়েকটি মার্কেট, আর বৃহস্পতিবার থেকে আল-হামরা শপিং মলসহ বাকিগুলোও খোলা থাকবে।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিধি-নিষেধ মেনেই যথানিয়মে সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হবে।

উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাবের কারণে ২৬ মার্চ থেকে বন্ধ থাকা শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠান গত ১০ মে থেকে সীমিত আকারে খোলার অনুমতি দেয় সরকার। তবে করোনাভাইরাস উদ্বেগজনক হারে বিস্তারের কারণে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ সকল মার্কেট-শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। কিন্তু বন্দরবাজারস্থ হাসান মার্কেট ও লালদিঘীরপারের হকার মার্কেট একাধিকবার সিদ্ধান্ত পরিবর্তন করে অবশেষে করোনা ঝুঁকির মাঝেও ঈদের আগে খোলা রেখে ক্রেতাদের কেনাকাটার সুযোগ করে দেন কর্তৃপক্ষ। এসময় কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনে, শারীরিক দূরত্ব বজায় না রেখে প্রচণ্ড ভিড় করে ঈদের কেনাবেচা চলে দোকান ও মার্কেটগুলোতে।

এ নিয়ে বার বার উদ্বেগও প্রকাশ করেন সিলেটের সচেতন মহল ও স্বাস্থ্যবিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে সব উদ্বেগ-উৎকণ্ঠাকে পেছনে ফেলে অবশেষে বুধবার (২৭ মে) থেকে সিলেটে খুলে যাচ্ছে মার্কেট ও শপিং মল।

এদিকে, করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা সিলেটে দোকান-পাট খোলার সিদ্ধান্তে অনেকেই বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে অনেকে বলেছেন, ‘ সিলেটে মার্কেট খোলার সময় এখনো হয়নি।’

স্বাস্থ্য বিভাগ সিলেট-এর সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান স্বাস্থ্য বিধি মেনে মার্কেট খোলা রাখার ওপর জোর দেন। তিনি জানান, সিলেটে করোনা সংক্রমণের হার ক্রমশ বাড়ছে। মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগে ৬৯৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেবল সিলেট জেলায় ৩২৯ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া, সুনামগঞ্জে ১০৭ জন, হবিগঞ্জে ১৬৪ জন ও মৌলভীবাজারে ৯৭ জন আক্রান্ত হয়েছেন।

Share





Related News

Comments are Closed