Main Menu

নবীগঞ্জে ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা হাজী আইয়ুব মিয়া (৭৫) খুন হয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার উমরপুর গ্রামে পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে আবুল হোসেন ও চাচাতো ভাই জিতু মিয়ার মধ্যে বেশ কিছুদিন যাবত বিরোধ চলে আসছিল। এ অবস্থায় রোববার বেলা ১১টার দিকে জিতু মিয়া তার লোকজন নিয়ে বিরোধীয় ওই পুকুরে জাল ফেলে মাছ ধরতে যায়। এ সময় মারদাঙ্গা না হওয়ার জন্য দু’পক্ষেরই মুরব্বি (চাচা) আইয়ুব মিয়া পুকুর পাড়ে গিয়ে মাছ না ধরতে বলেন। পরে বিষয়টি গ্রামের সালিশের মাধ্যমে দেখা হবে বলেও তিনি জানান। এ নিয়ে চাচা আইয়ুব মিয়ার সাথে ভাতিজা জিতু মিয়ার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে জিতু মিয়া চাচা আইয়ুব মিয়াকে পুকুরঘাটে সজোরে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সাথে সাথে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তদন্ত চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed