Main Menu

কবুতরের সঙ্গে এ কেমন শত্রুতা?

বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের আদিতমারীতে বিষ দিয়ে অর্ধশতাধিক কবুতর হত্যার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। কবুতর হত্যার বিচার ও ক্ষতিপূরণ চেয়ে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী খামারি।

মঙ্গলবার (১২ মে) দুপুরে মরা কবুতরের কয়েকটি নমুনা নিয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ করেন খামারি সাইফুল ইসলাম।

অভিযোগকারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবদা গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে।

অভিযোগে জানা গেছে, ক্ষুদ্র খামারি সাইফুল ইসলাম বাড়ির একটি ঘরে কবুতরের খামার করে জীবিকা নির্বাহ করেন। তার খামারে বিভিন্ন জাতের শতাধিক কবুতর রয়েছে। তার প্রতিবেশী কাচু মিয়ার ছেলে প্রভাবশালী ব্যবসায়ী মহা আলম ট্রলি নিয়ে যাওয়ার জন্য রাস্তা চান সাইফুলের কাছে।

কিন্তু ঘর সরিয়ে রাস্তা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে মহা আলম তার ভুট্টার চাতালে বিষ ছিটিয়ে রাখেন। মঙ্গলবার সকালে ওই চাতালে গিয়ে অর্ধশতাধিক কবুতর মারা যায়। বাকি কবুতর অসুস্থ হয়ে পড়েছে।

বিষয়টি নিয়ে স্থানীয়দের জানালে উল্টো খামারিকে দেখে নেয়ার হুমকি দেন চাতাল মালিক মহা আলম। পরে মঙ্গলবার দুপুরে মৃত কবুতরগুলোর কয়েকটা নমুনা নিয়ে থানায় যান খামারি সাইফুল ইসলাম।

ক্ষতিপূরণসহ কবুতর হত্যার বিচার চেয়ে চাতাল মালিক মহা আলমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

খামারি সাইফুল ইসলাম বলেন, ‘গরিব মানুষ আমি। খামারে কবুতর পালন করে সংসার চালাই। ট্রলি যাওয়ার রাস্তা না দেওয়ায় আমার কবুতরগুলোকে বিষ দিয়ে হত্যা করেছে মহা আলম। আমার মরা কবুতরগুলো পুরো এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।’

এ ব্যাপারে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed