Main Menu

দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪১৮

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৪১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৫ হাজার ৪১৬ জন।

এছাড়া এই সময়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ১৪৫ জন।

রোববার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নতুন করে সুস্থ হয়েছেন ৯ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা ১২২ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মাত্র ১৬ দিনের ব্যবধানে বিশ্বে আরও ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে। রবিবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ২৭৬।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া অতিমাত্রায় ছোঁয়াচে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা গত ১০ এপ্রিল ১ লাখ অতিক্রম করেছিল। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৯ লাখ ২০ হাজার ৯২০ জন। এদের মধ্যে বর্তমানে ১৮ লাখ ৮০ হাজার ৬৮২ জন চিকিৎসাধীন এবং ৫৭ হাজার ৮৬৩ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৮ লাখ ৩৬ হাজার ৯৬২ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ২ লাখ ৩ হাজার ২৭৬ জন (২০ শতাংশ) রোগী মারা গেছেন।

নভেল করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Share





Related News

Comments are Closed