Main Menu

মৌলভীবাজারে করোনার উপসর্গ নিয়ে ২ যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে করোনাভাইরাসের উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মৃতদের শরীরের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। উভয় পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ১৭টি বাড়ি লকডাউন করা হয়েছে।

জেলার কুলাউড়া উপজেলার ব্রাম্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া চা বাগানের রামনাথ দাশ (৩০) নামের এক যুবকের করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাতে তাকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর দিকে জুড়ী উপজেলায় সাগরনাল চা-বাগান এলাকায় সোমবার বিকেলে করোনা উপসর্গ জ্বর, কাশি ও শ্বাস কষ্ট নিয়ে শ্যামল শাহা (২৫) নামের এক যুবক নিজ বাড়িতে মারা যায়।

এ দুই যুবকের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা তাদের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ বলেন, উভয় পরিবারের সদস্যদের হোম কোয়রেন্টিনে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। জুড়িতে ১৭ টি বাড়ি লকডাউন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed