জগন্নাথপুরে লন্ডনী কন্যা সেজে বিয়ে, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: লন্ডনী কন্যা সেজে বিয়ে করার কারণে মহিলা জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শিউলী বেগম ও তার দুই কাজের মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শিউলী সিলেটের বিশ্বনাথ উপজেলার কোনারাই গ্রামের তৌহিদ উল্লার মেয়ে।
আর দুই কাজের মেয়ের একজন হলেন সুনামগঞ্জের ছাতক থানার দোয়ালিয়া গ্রামের মৃত কাচা মিয়ার মেয়ে সুমনা আক্তার (১৯) আর অন্যজন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা গ্রামের মৃত আজাদ মিয়ার মেয়ে সিমা আক্তার (১৯)।
রোববার (৫ এপ্রিল) তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে আশরাফুল রহমান নামের এক ব্যক্তির মামলার প্রেক্ষিতে শনিবার রাতে জগন্নাথপুর উপজেলায় আশারকান্দি ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও গ্রামের আশরাফুল রহমানের সঙ্গে পরিচয় হয় সিলেটের ওসমানীনগর থানার করমসী গ্রামের রহিম উল্লাহর। পরিচয়ের সূত্রধরে গত ফেব্রুয়ারি মাসে আশরাফুলের সঙ্গে সিলেট নগরীর উপশহর এলাকায় একটি বাসায় লন্ডনী পাত্রী হিসেবে শিউলী বেগমকে দেখান রহিম উল্লাহ। ওই সময় শিউলী বেগম তার গ্রামের বাড়ী সিলেটের গোলাপগঞ্জ থানার জিলপাইয়ে বলে জানান। পাশাপাশি শিউলী নিজেকে লন্ডনী কন্যা পরিচয় দেয়।
এরপর গত ১০ ফেব্রুয়ারি সিলেটে একটি হোটেলে নগদ ৫ লাখ টাকার কাবিন ও ৭ ভরি স্বর্ণালংকার দিয়ে শিউলীকে বিয়ে করেন আশরাফুল। বিয়ের পর তারা জগন্নাথপুরেই বসবাস করছিলেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই শিউলী শশুরবাড়ীর লোকজনের সঙ্গে ঝগড়া করে তার বাবার বাড়ি চলে যায়। বাবার বাড়ি যাওয়ার কয়েকদিন পর শিউলী আশরাফুলকে মুঠোফোনে জানায় সে লন্ডন চলে যাচ্ছে। একই সাথে তাদের সম্পর্ক এখানেই শেষ বলেও জানায়।
এ ঘটনার কিছুদিন পর আশরাফুল রহমান জানতে পারেন শিউলী বেগম লন্ডন নেয়ার কথা বলে সম্প্রতি জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কামরুল ইসলামকে বিয়ে করেছেন। এ খবর পেয়েছে আশরাফুল গত ৩ এপ্রিল রাতে কামরুল ইসলাম ও তার পরিবারের লোকজনকে জানায়, শিউলী লন্ডনী পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিয়ের নামে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়। এরপর আশরাফুল জগন্নাথপুর খানায় অভিযোগ দিলে পুলিশ শনিবার (৪ এপ্রিল) রাতে কামরুল ইসলামের বাড়ি থেকে ভুয়া লন্ডনী কন্যা শিউলী বেগমসহ তার অপর দুই কাজের মেয়েকে গ্রেপ্তার করে।
মামলার বাদী আশরাফুল রহমান জালান, আমাকে ফাঁসিয়ে বিয়ের কাবিনের মাধ্যমে নগদ ৫ লাখ টাকা ও সাত ভরি স্বর্ণ নিয়ে কৌশলে পালিয়ে যায় শিউলী বেগম। আমি জানতে পারি আমার মতো আরেকটা ছেলেকে প্রলোভন দেখিয়ে বিয়ের নামে প্রতারিত করা হচ্ছে। বিষয়টি থানায় লিখিতভাবে জানাই।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, প্রতারকচক্রের ভুয়া লন্ডনী কন্যাসহ গ্রেপ্তারকৃত তিনজনকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed