করোনায় প্রবাসে ৫৩ বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক: প্রাণঘাতি করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে ৩২ বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশে ৫৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। গণমাধ্যম ও বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখা গেছে, করোনায় বাংলাদেশি প্রবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রে ৩২, বৃটেনে ১১, ইতালিতে ২, কাতারে ২, সৌদি আরবে ২, স্পেনে ১, সুইডেনে ১, লিবিয়ায় ১ এবং গাম্বিয়ায় ১ জন মারা গেছেন। এছাড়াও প্রতিদিন বিশেষ করে নিউইয়র্ক শহরে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা বাড়ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা গণমাধ্যম বাংলা প্রেস জানিয়েছে, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা জানান, গত রবি ও সোমবার দু’দিনে নিউইয়র্কে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। কমিউনিটির বিভিন্ন সূত্রে দূতাবাসে বাংলাদেশিদের আক্রান্ত ও মৃত্যুর খবর পান। সরকারিভাবে কোন তথ্য সরবরাহ করা হয় না বা চাওয়া যায় না।
সাদিয়া বলেন, নিউইয়র্কে এমন পরিস্থিতি হাসপাতালে যাওয়ার মত অবস্থা নেই। তাই মিশন জরুরি যোগাযোগে একটি চিকিৎসক-পুল তৈরি করেছে, যেখানে ঘরে বসে বাংলাদেশিরা চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারবেন এবং আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন। যুক্তরাষ্ট্রের অন্য দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানিয়েছেন, মিশিগানের ডেট্রয়েট সিটিতে একজন ও নিউ জার্সির প্যাটারসনে একজন বাংলাদেশি নারী করোনায় মারা গেছেন।
সোমবার স্থানীয় সময় সকালে নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপন হাই নামে দৈনিক মানবজমিনের একজন প্রবাসী ফটো সাংবাদিক। শারীরিক নানা জটিলতায় হাসপাতালে ভর্তি হওয়া ওই সাংবাদিক করোনায় আক্রান্ত হয়ে কুইন্সের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাছাড়া গত দু’দিনে যারা মারা গেছেন আরো ৮ জন বাংলাদেশি।
যুক্তরাষ্ট্রের পর করোনায় বাংলাদেশি বংশোদ্ভূতদের মারা যাওয়ার তালিকায় দ্বিতীয় অবস্থানে বৃটেন। দেশটিতে সোমবার পর্যন্ত ১১ বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে ১০জনই লন্ডনে। একজন বার্মিংহামে। বৃটেনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের করোনায় ৩৯৩ জনের মৃত্যু হয়েছে। আশার দিক হচ্ছে ওই তালিকায় কোনও বাংলাদেশি নেই। সোমবার পর্যন্ত ১১ বাংলাদেশি বংশোদ্ভুত মারা গেছেন মর্মে কমিউনিটি সূত্রে মিশন নিশ্চিত হয়েছেন।
কাতারের দোহায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ রাতে জানান, কাতারে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা গেছেন। তার বাড়ি গাজীপুরের কালিয়াকৈরে। এর আগে গত ২৩ মার্চ আরও একজন মারা যান। তার বাড়ি শ্রীমঙ্গলে।
ইতালির মিলানের বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছেন ইতালির করোনা পরিস্থিতি বিপদ্জনক রূপ নিয়েছে বহু আগেই। এত দিনে বাংলাদেশিদের আক্রান্ত হওয়ার সংখ্যা তুলনামূলক কম ছিলো। যদিও আচমকা ১ জন মারা গেছেন। তার অবশ্য করোনা ধরা পড়ার আগে থেকে অন্য জটিলতাও ছিলো। মিশন বলছে সোমবার আরেক বাংলাদেশি মারা যাওয়ার খবর মিলেছে। মিলান, বেরগামো, ব্রেসিয়াসহ বৃহত্তর লোম্বাদিয়া, ভারেজে, তরিনো, রোমসহ বিভিন্ন শহরে আক্রান্ত বাংলাদেশির সংখ্যাও উদ্বেগজনক হারে বৃদ্ধির খবর এসেছে।
এদিকে বিদেশে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া বাংলাদেশিদের সংখ্যা প্রায় অর্ধ শতক পার হলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেল এখনও ৬ জনের মৃত্যুর তথ্য পাওয়ার কথা জানাচ্ছে। সেলের প্রধান অতিরিক্ত পররাষ্ট্র সচিব ডা. খলিলুর রহমানের ভাষ্যটি ছিল এমন- যুক্তরাষ্ট্রের স্থানীয় আইনে চিকিৎসাধীন কিংবা মারা যাওয়া ব্যক্তির পরিবার ছাড়া অন্যদের তথ্য শেয়ার করা বারণ। ফলে সেখান থেকে সরকারিভাবে তথ্য পাওয়ার সূযোগ নেই। সর্বশেষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিউইয়র্কে একজন সাংবাদিকের মারা যাওয়াসহ অনেকের মৃত্যুর খবর কমিউনিটি মারফত পেয়েছেন জানিয়ে তিনি বলেন, এটাতো আনুষ্ঠানিক বা সরকারি তথ্য নয়।
ইতালিতে ২ জন মারা গেছেন। এর মধ্যে একজন লন্ডনে গিয়ে মারা যান। স্পেনে ১, কাতারে সর্বশেষ ২ জন এবং সুইডেনে ১জন- এই ৬ বাংলাদশির মৃত্যুর বিষয়টি আমরা সরকারি বা আনুষ্ঠানিকভাবে বলছি। বাকি আপনারা যা পাচ্ছেন তা অনানুষ্ঠানিক। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা বিষয়ক ফোকাল পয়েন্ট ডা. খলিল বিশ্বের দেশে দেশে বাংলাদেশিদের উদ্বেগজনক হারে আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করেন।
কেবল যুক্তরাষ্ট্রেই শতাধিক বাংলাদেশি বংশোদ্ভূত করোনা আক্রান্ত হয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত বা অভিবাসীদের আক্রান্তের হারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে জানিয়ে তিনি বলেন, সব মিলে দেশের বাইরে ২ শতাধিক বাংলাদেশিরর করোনা শনাক্ত হয়েছে মর্মে আমরা তথ্য পেয়েছি। যার মধ্যে ইতালিতে ৪০, স্পেনে ২৩, সিঙ্গাপুরে ১৪ জনের করোনা আক্রান্ত চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছেন। এদিকে কানাডা মিশন বলছে, দেশটিতে ২০ জনের মতো বাংলাদেশি আক্রান্ত হয়েছেন।
এদিকে সৌদি আরবের মদিনায় মঙ্গলবার মারা যাওয়া বাংলাদেশি চিকিৎসক আশফাক হোসাইন ঝিনাইদহ ক্যাডেট ও সলিমুল্লাহ মেডিকেলে প্রাক্তন ছাত্র বলে জানা গেছে। এর আগে ২৪ মার্চ মদীনায় করোনা আক্রান্ত প্রথম বাংলাদেশির মৃত্যু হয়। তার বাড়ি সাভারে বলে জানা গেছে।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed