Main Menu

সেনা মোতায়েন, ১০ দিনের সরকারি ছুটি

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস মোকাবিলায় মঙ্গলবার থেকে জেলা প্রশাসনকে সহায়তা করতে মাঠে নামছে সেনাবাহিনী। এছাড়া ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সকল সরকারি অফিস বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে কাঁচাবাজার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতালসহ জরুরি সেবা বিভাগগুলো এই ঘোষণার আওতায় থাকবে না।

সোমবার (২৩ মার্চ) বিকেলে সচিবালয়ে এক জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ ঘোষণা দেন।

ব্রিফিংয়ে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন এবং সেই আলোকে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর অফিসে দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক বিভাগটি সার্বক্ষণিক খোলা রয়েছে। করোনা মোকাবিলায় ওয়ার্ড পর্যায়ে গ্রাম পুলিশও কাজ করছে।

তিনি বলেন, মঙ্গলবার থেকে সারা দেশে সেনা মোতায়েন করা হচ্ছে। তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, ২৬ মার্চ উপলক্ষ্যে সরকারি ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল মোট ৫ দিন যুক্ত করে ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ৩ ও ৪ এপ্রিল সরকারি সাধারণ ছুটিও যুক্ত হবে। অর্থাৎ ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল মোট ১০ দিন সরকারি ছুটি থাকবে।

সংবাদ সম্মেলনে মুখ্য সচিব আহমেদ কায়কাউস দেশে নভেল করোনাভাইরাস মহামারি ঠেকাতে সরকারের নানা কার্যক্রম তুলে ধরে বলেন, এই পরিস্থিতিতে সবাই সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সঙ্কট মোকাবেলা করা যাবে।

কোভিড-১৯ রোগে বাংলাদেশে ৩৩ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিনজন; সুস্থ হয়েছেন ৫ জন।

এরআগে ৩১ মার্চ পর্যন্ত সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। পহেলা এপ্রিল থেকে শুরু হওয়ার কথা উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বাংলাদেশের সকল দোকান, বিপণি বিতান ২৫ মার্চ থেকে বন্ধ করার দেয়ার ঘোষণা ইতোমধ্যেই হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। চারটি দেশ ও অঞ্চল ছাড়া সব দেশ থেকেই যাত্রী আসা বন্ধ করে দেয়া হয়েছে।

এছাড়া মুলতবি করা হয়েছে জামিন ও গুরুত্বপূর্ণ বিষয়াদি ছাড়া নিম্ন আদালতের বিচারিক কাজ। এমনকি মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউনও ঘোষণা করা হয়েছে।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে সারাবিশ্বে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৪ হাজারেরও বেশি মানুষ। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯৯ হাজার মানুষ।

বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সর্বশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ৩৩ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিনজন।

Share





Related News

Comments are Closed