Main Menu

দেশে করোনায় আরেকজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬

বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় নতুন করে চিকিৎসকসহ আরও ছয়জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন চিকিৎসক ও দুইজন সেবিকা রয়েছেন। ছয়জনের মধ্যে পুরুষ তিনজন, নারী তিনজন। তাদের মধ্যে চারজনের বয়স বিশ থেকে চল্লিশের মধ্যে, ৪০ থেকে ৫০ বয়সের মধ্যে একজন, ষাটোর্ধ একজন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ৩৩ জন আক্রান্ত হলেন।আক্রান্তদের মধ্যে ১৫জন ঢাকার বাসিন্দা।

এদিকে, সোমবার করোনায় আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মোট তিনজনের মৃত্যু হলো।

সোমবার (২৩ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনা ভাইরাস-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আমাদের হটলাইনে ১৭১৬টি কল এসেছে, সবগুলোই কোভিড-১৯ সংক্রান্ত। এছাড়া ১২ জন সশরীরে এসে যোগাযোগ করেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্য ছয় জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

ডা. ফ্লোরা আরও জানান, এখন পর্যন্ত মোট ৬২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর বাইরে এখন ৫১ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আর কোয়ারেন্টিনে রাখা হয়েছে আরও ৪৬ জনকে।

উল্লেখ্য, প্রথম ইতালি থেকে আসা দুই পুরুষ এবং দেশে থাকা তাদের একজনের এক নারী আত্মীয় করোনায় আক্রান্ত হন। গত ৮ মার্চ এ তথ্য জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তারা তিন জনই চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বিশ্বের প্রায় ১৯২টি দেশে করোনা ছড়িয়েছে। এর মধ্যে ৩৫টি দেশ লকডাউন করা হয়েছে। মৃতের সংখ্যায় শীর্ষে ইতালি। দ্বিতীয় অবস্থানে রয়েছে করোনার উৎপত্তি স্থল চীন। তবে ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইরানসহ বেশ কয়েকটি দেশে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট থেকে সোমবার (২৩ মার্চ) বিকাল ৪টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪৩ হাজার ৩৯৪ জনে। মৃত্যু ঘটেছে ১৪ হাজার ৭৭৩ জনের। সেরে উঠে বাড়ি ফিরে গেছেন ৯৯ হাজার ৬৬ জন।

এ মুহূর্তে আক্রান্ত অবস্থায় রয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৫৫ জন, যাদের মধ্যে ১০ হাজার ৫৯৭ জনের অবস্থা বেশ গুরুতর। বাকি ২ লাখ ১৮ হাজার ৯৫৮ জনের অবস্থা মাঝারি মাপের।

Share





Related News

Comments are Closed