বাংলাদেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর দুঃসংবাদ পেলো বাংলাদেশ। ভাইরাসটি সনাক্ত হওয়ার ১১ দিনের মাথায় প্রথম কোনও ব্যক্তির মৃত্যুর খবর দিলো জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম কোনও ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তিনি একজন বয়স্ক ব্যক্তি ছিলেন। মৃত ব্যক্তির বয়স ৭০ বছরের বেশি। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিতে সমস্যা ও হার্টের সমস্যা থাকার কারণে এর আগে তাকে স্টেনটিং করানো হয়েছিল। সুতরাং সেদিক থেকে তিনি খুব উচ্চ ঝুঁকির মুখে ছিলেন।’
ডা. সেব্রিনা বলেন, ‘মৃত ব্যক্তি বিদেশ যাননি। তিনি দেশেই অন্য কারও কাছ থেকে সংক্রমিত হয়েছেন।’
তিনি বলেন, ‘নতুন করে বাংলাদেশে আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। দেশে এখন মোট করোনা ভাইরাসে আক্রান্ত ১৪ জন।’
আইইডিসিআর পরিচালক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৪৯ ও মোট ৩৪১ জনের পরীক্ষা করা হয়েছে। সন্দেহজনক ধরে আরও ১৬ জনকে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে।’
এর আগে গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো তিনজনের শরীরে করোনা ভাইরাস সনাক্তের কথা জানায় আইইডিসিআর। তাৎক্ষণিকভাবে তাদের কোয়ারেনটাইনে নেয়া হয়। এরইমধ্যে তিনজনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গতকাল মঙ্গলবার আইইডিসিআর জানায়, নতুন করে আরও দুইজনকে করোনা সনাক্ত করা হয়। বুধবার আরও ৪ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্তের কথা জানায় সংস্থাটি। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ১৪ জন আক্রান্ত হলেন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। তখন তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর। বুধবার (১৮ মার্চ) পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ জন। এদের মধ্যে ৩ জন সুস্থ হয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যেই নভেল করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি বলে ঘোষণা করেছে। করোনাভাইরাসের হালনাগাদ তথ্য দেওয়া ওয়ার্ল্ডমিটার বুধবার দুপুর এ প্রতিবেদন তৈরি করার সময় পর্যন্ত জানাচ্ছে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২০০,০০৯ জন; এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮২,৮১৩ জন এবং মারা গেছেন ৮,০১০ জন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed