Main Menu

মৌলভীবাজারে কোয়ারেন্টাইনে ৩২ জন

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে মৌলভীবাজারে বিভিন্ন উপজেলা থেকে ৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও বড়লেখা উপজেলার বাসিন্দা ইতালি, আমেরিকা ও মধ্যপ্রাচ্যফেরত এই ৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ বলেন, হোম কোয়ারেন্টাইনে যাদের রাখা হয়েছে তারা ইতালি, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যফেরত। তাদের মধ্যে কুলাউড়ায় ১ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ৭ জন, সদরে ১ জন, জুড়িতে ২ জন এবং যুক্তরাষ্ট্র থেকে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দেশে আসা একই পরিবারের ১৬ জনসহ ২১ জন শ্রীমঙ্গলের।

তিনি বলেন, তাদের শরীরে করোনাভাইরাসজনিত কোনো সমস্যা আছে কি না তা দেখার জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সমস্যা দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে তাদের নমুনা সংগ্রহ করে নিয়ে যাবেন।

এদিকে জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেছেন, মৌলভীবাজার জেলায় ৩টি স্থলবন্দর রয়েছে। এগুলো হচ্ছে চাতলাপুর, কুরমা ও বটুলি স্থলবন্দর। গত ১২ মার্চ থেকে ভারতের কৈলাশহর অভিবাসন কেন্দ্র কোনো বাংলাদেশি ভিসাধারী যাত্রীদের প্রবেশ করতে দিচ্ছে না। ওই সময় ভারত থেকে বাংলাদেশে আসা যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করে প্রবেশ করতে দেয়া হয়। ১৫ মার্চ বিকেল থেকে উভয়দিক থেকে ভিসাধারী যাত্রীদের প্রবেশ বন্ধ রয়েছে ৩টি স্থলবন্দর দিয়ে। চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে এখনও দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার পূর্বপ্রস্তুতি হিসেবে মৌলভীবাজার জেলায় ১১৬টি বেড প্রস্তুত রাখা হয়েছে। করোনা রোগী পাওয়া গেলে সেখানে রেখে চিকিৎসা দেয়া হবে।

Share





Related News

Comments are Closed