Main Menu

চাতলাপুর চেকপোষ্ট দিয়ে ভারতে প্রবেশ বন্ধ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ভারতের কৈলাশহর সীমান্তে চাতলাপুর চেকপোষ্ট দিয়ে বাংলাদেশী যাত্রীদের ভারতে যাতায়াত বন্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কে ১২ মার্চ বৃহস্পতিবার বিকাল থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকছে। তবে এর মধ্যে বাংলাদেশে অবস্থানরত শুধুমাত্র ভারতীদের নিজ দেশে প্রবেশের সুযোগ রয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে চাতলাপুর অভিবাসন কেন্দ্র সূত্রে এ তথ্য জানা যায়।

চাতলাপুর অভিবাসন কেন্দ্র সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমনের আতঙ্কে গত বৃহস্পতিবার বিকাল থেকে চাতলাপুর অভিবাসন কেন্দ্রের ভারতীয় অংশের কৈলাশহর অভিবাসন কেন্দ্র বাংলাদেশী ভিসাধারী যাত্রীদের ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরৎ পাঠিয়ে দিচ্ছে। তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় যাত্রীরা এ সময়ের মধ্যে ভারতে ফিরতে কোন আপত্তি থাকছে না।

চাতলাপুর অভিবাসন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই জামাল হোসেন বলেন, গত বৃহস্পতিবার থেকে ভারতের কৈলাশহর অভিবাসন কেন্দ্র কোন বাংলাদেশী ভিসাধারী যাত্রীদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ১৪ এপ্রিল পর্যন্ত তা কার্যকর থাকবে। তবে শুধুমাত্র ভারতীয় যাত্রীদের ভারতীয় অভিবাসন কেন্দ্র গ্রহন করছে।

এদিকে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে এখনও দুই দেশের আমদানি রপ্তানি কার্যক্রম চালু রয়েছে। বাংলাদেশী ব্যবসায়ীরা জানান, হয়তো কয়েক দিনের মধ্যে এ শুল্ক স্টেশনেও আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।

Share





Related News

Comments are Closed