Main Menu

সিলেটে ২টি মণিপুরি ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে দুটি মণিপুরি ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রয়ারী) বিকেলে সিলেট নগরীর নয়াবাজার কুশিঘাট এলাকায় ‘নয়াবাজার মণিপুরি ভাষা শিক্ষা কেন্দ্র’ এবং ‘লালাদিঘীরপাড় মণিপুরি ভাষা শিক্ষা কেন্দ্র’ নামে দু’টি মণিপুরি ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়। ভাষা শিক্ষা কেন্দ্র উদ্বোধন উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেনী-পেশার মণিপুরি নারী পুরুষ নয়াবাজার মণিপুরি পাড়ায় উপস্থিত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সিলেট বিভাগের সভাপতি অনিল কিষন সিংহের সভাপতিত্বে এবং মণিপুরি শিক্ষার্থী দিপীকা সিনহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মণিপুরি ভাষা শিক্ষা কেন্দ্র পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) এর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ।

স্বাগত বক্তব্য রাখেন, মণিপুরি কবি ও লেখক নমব্রম শংকর সিংহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকর্মী রতন সিংহ, কুমারধন সিংহ, ব্রজমোহন সিংহ।

প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীকান্ত সিংহ বলেন, একডো’র দীর্ঘদিনের ইচ্ছা ছিল সিলেট শহরে মণিপুরি শিক্ষার্থীদের জন্য মণিপুরি ভাষা শিক্ষা কেন্দ্র চালু করা। সবশেষে স্থানীয় মণিপুরি জনগোষ্ঠীর পক্ষ থেকে এ বিষয়ে বার বার তাগিদ দেয়ায় আজকের এই মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘নয়াবাজার মণিপুরি ভাষা শিক্ষা কেন্দ্র’ ও ‘লালাদিঘীরপাড় মণিপুরি ভাষা শিক্ষা কেন্দ্র’ নামে এ দু’টি মণিপুরি ভাষা শিক্ষা কেন্দ্রর শুভ উদ্বোধন করা হলো।’

একটি আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় একডো গত ২০১৫ সাল থেকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় আরো তিনটি মণিপুরি ভাষা শিক্ষা কেন্দ্র পরিচালনা করে আসছে। তিনি আরো বলেন, একটি আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় একডো গত ২০১৫ সাল থেকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় আরো তিনটি মণিপুরি ভাষা শিক্ষা কেন্দ্র পরিচালনা করে আসছে।

তিনি বলেন, ভাষা যেকোন জাতির সাংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। সুতরাং মণিপুরি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে মণিপুরি ভাষাকে বাঁচিয়ে রাখার কোন বিকল্প নেই। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। সভা শেষে উপস্থিত মণিপুরি শিক্ষার্থীদের মধ্যে মণিপুরি ভাষা শিক্ষার বই ‘লোনদাম লাইরিক’ বিতরণ করা হয়।

Share





Related News

Comments are Closed