Main Menu

সিলেটে ৭ তলা ভবনে ফাঁটল, আতঙ্ক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেখীতে রংধনু-৫৫ নং জামান ম্যানশন সাত তলা ভবনে ফাটল দেখা দিয়েছে। গত ২৫ জানুয়ারি ভবনে ফাটল দেখা দিলে ভাড়াটিয়ারা আতঙ্কে বাসা থেকে বেরিয়ে আসেন।

পরে সিলেট মহানগরীর ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও শাবিপ্রবি পুর কৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম ভবন পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্ট্রাকচার, দেয়াল ও ফ্লোরে ত্রুটি এবং বিল্ডিং কোড না মেনে ইমারত নির্মাণের অভিযোগ পাওয়া যায়। কাজে নানা ধরণের ত্রুটি পরিলক্ষিত হওয়ায় আগামী ৩ দিনের মধ্যে ভাড়াটিয়াদের নিরাপদ স্থানে স্থানান্তর করে সয়েল টেস্ট রিপোর্ট, স্ট্রাকচার ডিজাইন, আর্কিটেকচার প্ল্যান, অনুমোদিত প্ল্যান ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র জমা দেওয়ার জন্য বাসার মালিক শাহ জামাল আহমদ খানকে নির্দেশ দেয় সিলেট সিটি কর্পোরেশন।

এ ব্যাপারে সিসিক’র নির্বাহী প্রকৌশলী শামসুল হক জানান, অভিযোগের প্রেক্ষিতে ভবন পরিদর্শন করে নানা ধরণের ত্রুটি পাওয়ায় ভাড়াটিয়াদের স্থানান্তর ও ভবন নির্মাণের সকল কাগজপত্র প্রদানের নির্দেশ দিয়েছি। আগামী ৩ দিনের প্রয়োজনীয় কাগজপত্র না দিয়ে ভবনের মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পার্শ্ববর্তী বাসার বাসিন্দা এড. শাহরাজ আহমদ জানান, গত এক সপ্তাহ ধরে আমরা আতঙ্কের মধ্যে আছি। যে কোন ভবন ধ্বসে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে সিসিক কর্তৃপক্ষকে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আহবান করছি।

সিলেট পৌরসভার সাবেক কমিশনার আবু নছর বকুল বলেন, বিষয়টি গুরুত্ব না দিলে ভয়াবহ ট্রাজেডি ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে।

৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, আমার কাছে অভিযোগ আসার পরেই সিসিক’র সবাইকে অবগত করেছি। সিসিক কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে আইনগত পদক্ষেপ নিয়েছে।

সিসিক’র প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, বিল্ডিংয়ে ব্যাপক ত্রুটি রয়েছে। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিল্ডিংয়ের মালিককে নোটিশ দিয়েছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed