Main Menu

ওসমানী বিমানবন্দরে যাত্রীদের চেক আপ

বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিলেট স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গঠন করে দেয়া মেডিকেল টিম ওসমানী এয়ারপোর্টে আসা আন্তর্জাতিক যাত্রীদের চেক আপ করছে। এছাড়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এর পক্ষ থেকে প্রদান করা ডিজিটাল ডিসপ্লে বিমানবন্দর এলাকায় সাঁটানো হয়েছে।

সিলেটের সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মন্ডল জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সিলেট এয়ারপোর্টে কাজ করছে একটি মেডিকেল টিম। এছাড়া, সিলেটের তিনটি স্থলবন্দরের জন্য আরো তিনটি মেডিকেল টিম কাজ করছে। স্থলবন্দর তিনটি হচ্ছে-গোয়াইনঘাটের তামাবিল, জকিগঞ্জ ও বিয়ানীবাজার স্থলবন্দর।

সিলেট ওসমানী বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) আহমাদ সিরাজাম মুনির রাহিল জানান, এ বিমানবন্দরে ইন্টারন্যাশনাল (আন্তর্জাতিক) ফ্লাইটের এরাইবাল টাইমের লিস্ট অনুযায়ী তাদের মেডিকেল টিম বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকায় কাজ করছে। ডাব্লিউএইচও প্রেরিত ডিজিটাল ডিসপ্লে বিমানবন্দর ব্যবস্থাপকের সাথে সমন্বয় করে সাঁটানো হয়েছে। তিনি বলেন, করোনা ভাইরাসের কোন সন্দেহভাজন ডিটেক্ট হলে তাকে আইসোলেটেড করে তার সম্পর্কিত তথ্য জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এ প্রেরণ করার নির্দেশনা তাদের কাছে রয়েছে। তিনি জানান, সিলেটে মূলত যুক্তরাজ্যের হিথ্রো ও ম্যানচেষ্টার এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে ফ্লাইট আসে। তবে, এখন পর্যন্ত সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত কেউ ডিটেক্ট হয়নি বলে জানান তিনি।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, সিলেটের সাথে চীনের সরাসরি কোন ফ্লাইট নেই। এরপরও এ ব্যাপারে তারা স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে কাজ করছেন।

এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার এক জরুরি বৈঠকের পর সংস্থাটির তরফ থেকে এই ঘোষণা আসে বলে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

Share





Related News

Comments are Closed