Main Menu

সিলেটে ২ শিশুকে যৌন নির্যাতন, থানায় মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার রেলগেইট এলাকায় হৃদয় (২০) নামের এক যুবকের বিরুদ্ধে ২ ছেলে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত হৃদয় রেলগেইটের নুর উদ্দিনের পানের দোকানের কর্মচারী ও ভার্থখলার সুহেল মিয়ার ভাড়াটিয়া।

গত বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় রেলগেইটের নুর উদ্দিনের দোকান সংলগ্ন পরিত্যক্ত গুদামে যৌন নির্যাতনের শিকার হয় এই দুই শিশু। যৌন নির্যাতনের শিকার দুই শিশু রেলস্টেশন সংলগ্ন রেল কোয়ার্টার কলোনীতে তাদের পরিবারের সাথে বসবাস করছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে দক্ষিণ সুরমা থানায় দুই শিশুর অভিভাবক বাদি হয়ে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার ওসি খায়রুল ফজল।

শিশুদের অভিভাবকরা অভিযোগে বলেন, তাদের দুই অবুঝ সন্তানদের কৌশলে ঢেকে নিয়ে একে একে যৌন নির্যাতন করে হৃদয়। এতে শিশুদের রক্তক্ষরণ হলে তাদের চিকিৎসার জন্য নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তাদের চিকিৎসা দেয়া হয়।

পান দোকানের মালিক নুর উদ্দিন বলেন, হৃদয় ৭/৮ বছর ধরে তার দোকানে চাকরী করে আসছে। সে নোয়াখালীর মাইজদীর আব্দুল হকের ছেলে।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল জানান, যৌন নির্যাতনের ঘটনায় দুই শিশুর মা বৃহস্পতিবার রাতে লিখিত অভিযোগ নিয়ে থানায় হাজির হন। পরে তাদের একজন সাক্ষী ও অন্যজন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা আমলে নিয়ে পলাতক হৃদয়কে গ্রেপ্তার করতে পুলিশ এরই মধ্যে অভিযান শুরু করেছে।

Share





Related News

Comments are Closed