বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, জেঁকে বসেছে শীত
বৈশাখী নিউজ ডেস্ক: পৌষ আর শীত বুকে বুক মিলিয়ে জড়াজড়ি করে একসঙ্গে হাজির হয়েছে। উত্তরের হিমালয় ডিঙিয়ে আসা হিমেল হাওয়া ও ঠান্ডা কনকনে বাতাসে জবুথবু অবস্থা জনজীবনে। বিশেষ করে সারা দেশে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে অভিশাপের নাম শীত। সেক্ষেত্রে শিশু ও বৃদ্ধদের কষ্টের মাত্রা সীমাহীন।
গেল সপ্তাহ থেকেই সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। সূর্যের প্রখরতাও কমছে। আভাস পাওয়া যাচ্ছিল ঋতুচক্রের এই দেশে শীত হানা দিতে খুব বেশি দেরি নেই। তবে সেটা যে এত হুড়মুড় করে চলে আসবে তা ভাবেনি অনেকেই। সূর্যের আলোর উত্তাপ কমে যাওয়ায় দিন ও রাত্রির তাপমাত্রায় পার্থক্যও কমে গেছে।
তাপমাত্রা কমে যাওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরাঞ্চলে বায়ুদূষণের পরিমাণও বাড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টা ঢাকায় তাপমাত্রা অন্তত ২ ডিগ্রি কমবে। পাশাপাশি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা কয়েকগুণ বাড়বে।
বুধবার সকাল থেকেই শীতের আমেজ ছড়িয়ে পড়েছে দেশে। বৃহস্পতিবার বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, যশোর ও চুয়াডাঙ্গাসহ রাজধানীতেও শিগগিরই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সঙ্গে ঝিরিঝিরি হিমেল হাওয়া থাকলে শীতের মাত্রা সহনীয় পর্যায় অতিক্রম করতে পারে।
গেল দুদিন ধরে রংপুর অঞ্চলে শীতের প্রকোপ বাড়ায় ভোগান্তিতে পড়েছেন দরিদ্র শ্রেণির মানুষেরা। একই অবস্থায় রাজশাহী, চুয়াডাঙ্গা ও রাজধানী ঢাকাতেও। বিশেষত ঢাকায় যারা সারা বছর ফুটপাতেই থাকেন তাদেরও এই কনকনে শীতেও সেখানেই থাকতে হচ্ছে। ছোট ছোট ছেলেমেয়ে ও বয়সী মানুষদের গায়ে শীতবস্ত্রও নেই। প্রতি বছরই এইসব ভাসমান মানুষেরা শীতের কয়েকটা মাস দারুণ কষ্টে ভোগে।
তবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলে শীতের প্রকোপ এখনও তুলনামূলক কম। সেখানকার তাপমাত্রাও অন্যান্য বিভাগের চেয়ে বেশি। আর শীত জেঁকে বসা অঞ্চলের অভাবী মানুষেরা এখন পর্যাপ্ত গরম কাপড় না থাকায় খড়-কুটা জ্বালিয়ে কনকনে ঠান্ডায় একটু শরীরে একটু উষ্ণতার সন্ধানে ব্যস্তিব্যস্ত।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার পর্যন্ত তা থাকবে এবং আরও বেশি অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।
ঢাকায় গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ১২.৫, চট্টগ্রামে ১৬, সিলেটে ১৫.৮, রাজশাহীতে ৯.৪, রংপুরে ১১, খুলনায় ১২ এবং বরিশালে ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
পূর্বাভাসে বলা হয়, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সকালে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, গত ২৪ ঘণ্টায় প্রায় সব এলাকার তাপমাত্রা কমেছে। আগামী শনিবার পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এই সময়ে আরও কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শৈত্যপ্রবাহ ধরা হয়।
তিনি জানান, শনিবারের পর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা আবার বাড়তে থাকবে। ২৭ ডিসেম্বর থেকে তাপমাত্রা আবার কমতে পারে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবার মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে নতুন বিধিনিষেধ ইসির
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনে প্রচারের ধরন ও পরিধিতে নতুন বিধিনিষেধRead More
সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২০৩৮ জনের: পুলিশ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে ১৫Read More



Comments are Closed