Main Menu

৪৯তম মহান বিজয় দিবস সোমবার

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দেয়া শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সোমবার (১৬ ডিসেম্বর) বিস্তারিত কর্মসূচির মাধ্যমে পালন করা হবে ৪৯তম মহান বিজয় দিবস।

Manual4 Ad Code

নয় মাসের রক্তাক্ত যুদ্ধের পর ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে।

দিবসটি উদযাপনে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংস্থা নানা কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশিরা দেশে ও বিদেশে দিবসটি পালন করবেন।

ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হবে। সূর্যোদয়ের সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন।

সরকারি এ ছুটির দিনে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। সেই সাথে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে।

দিনের কর্মসূচি হিসেবে সকালে ঢাকাস্থ জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধা এবং সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যরা এতে অংশ নেবেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন।

দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বিকালে বঙ্গভবনে মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনার আয়োজন করবেন রাষ্ট্রপতি।

Manual3 Ad Code

বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলো জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনার আয়োজন করবে। জেলা ও উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হবে।

সুবিধাবঞ্চিত শিশুরা রাজধানীর শিশু পার্কে বিনা টিকিটে প্রবেশ করতে পারবে। এতিমখানা, বৃদ্ধাশ্রম, হাসপাতাল, জেলখানা ও সরকারি শিশুসদনসহ অনুরূপ প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।

Manual8 Ad Code

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ‘বাংলাদেশ এবং ইউনেসকো আগামী বছর যৌথভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করবে। আমরা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’

তিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে দেশ, গণতন্ত্র ও সরকারবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের এ উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য এ বিজয় দিবসে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Manual2 Ad Code

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।’

‘তাই আসুন মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখি এবং দেশ ও জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেই। সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের প্রিয় মাতৃভূমি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হোক, মহান বিজয় দিবসে এ আমার প্রত্যাশা,’ বলেন তিনি।-ইউএনবি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code