Main Menu

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ৯

বৈশাখী নিউজ ডেস্ক : কেরানীগঞ্জের চুনকুটিয়ার প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ হয়ে ৯ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়। এর আগে ঘটনাস্থলেই ১জনের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক তাহমিনা সাত্তার।

চিকিৎসাধীন অবস্থায় নিহতদের মধ্যে পাঁচ জনের নাম জানা গেছে। তারা হলেন- ইমরান, বাবলু, রায়হান, খালেক, সালাউদ্দিন। এর আগে আশঙ্কাজনক অবস্থায় ৩৪ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দগ্ধ আরও ২৬ শ্রমিক সেখানে চিকিৎসাধীন আছেন।

এদিকে, কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতালে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

উল্লেখ্য, বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হিজলতলা এলাকায় প্রাইম প্যাক প্লাস্টিক নামে একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া দগ্ধ অবস্থায় ৩১ জনকে উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এরপর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যার পর ঢামেকে অগ্নিদগ্ধ রোগীদের দেখতে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, কারখানাটির কোনও অনুমোদন ছিল না। ঢামেকে রোগী দেখতে আসার আগে তিনি ঘটনাস্থলও পরিদর্শন করেন।

গ্যাসের পাইপের লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

Share





Related News

Comments are Closed