Main Menu

একনেকে ৭৩১২ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৭ হাজার ৩১২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ছয়টি প্রকল্প অনুমোদন করেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

সভা শেষে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জানান, ছয়টি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার ৩১২ কোটি ৫৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন প্রায় ২ হাজার ৭৭৮ কোটি ৫৬ লাখ টাকা, সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৩২১ কোটি ৬৯ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে আসবে ৪ হাজার ২১২ কোটি ৩০ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন ও একটি সংশোধিত। এর মধ্যে ‘নাটোর রোড (রুয়েট) থেকে রাজশাহী বাইপাস পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ (২য় সংশোধিত)’ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২০৬.৬৪ কোটি টাকা।

অনুমোদিত প্রকল্পসমূহ হচ্ছে: ১৩১.১৭ কোটি টাকা ব্যয়ে ‘পালবাড়ী-দড়াটানা-মনিহার-মুড়ালী জাতীয় মহাসড়ক (এন-৭০৭) এর মনিহার হতে মুড়ালী পর্যন্ত চার লেনে উন্নীতকরণ’ প্রকল্প; ২৪০.৯৭ কোটি টাকা ব্যয়ে ‘বগুড়া-সারিয়াকান্দি জেলা মহাসড়ক (জেড-৫০৩২) উন্নয়ন এবং বাঙালি নদীর ওপর আড়িয়ারঘাট সেতু নির্মাণ’ প্রকল্প; ৭২৩.৯৭ কোটি টাকা ব্যয়ে ‘মাগুরা-নড়াইল (আর-৭২০) আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণসহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প এবং ৫৯.৮৫ কোটি টাকা ব্যয়ে ‘ফেনী (মাস্টারপাড়া)-আলোকদিয়া-ভালুকিয়া-লস্করহাট-ছাগলনাইয়া (শান্তিরহাট) জেলা মহাসড়কটি যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’প্রকল্প; ‘নাটোর রোড (রুয়েট) হতে রাজশাহী বাইপাস পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ (২য় সংশোধিত)’ প্রকল্প এবং ‘ঢাকা এবং পশ্চিমাঞ্চলীয় গ্রিড সঞ্চালন ব্যবস্থা সম্প্রসারণ’ প্রকল্প।

Share





Related News

Comments are Closed