Main Menu

যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে বন্দুক হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহে বন্দুক হামলায় নিহত হয়েছেন অন্তত ‘৪০ জন’ মানুষ। একের পর এক বন্দুক হামলার ঘটনায় স্তম্ভিত গোটা যুক্তরাষ্ট্র। এ অবস্থায় অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবি উঠেছে আবারও।

গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় স্কুলে বন্দুক হামলায় নিহত হয় তিন স্কুল ছাত্র। হামলাকারী নিজেও ষোল বছর বয়সী স্কুল ছাত্র। এ ঘটনার রেশ না কাটতেই আবারও একই রাজ্যে পারিবারিক অনুষ্ঠানে গুলি চালিয়ে হত্যা করা হয় চারজনকে।
পরদিন আবারও বন্দুক হামলা। এবার ওকলাহামায়। গুলিতে নিহত হন তিনজন। এছাড়াও বিচ্ছিন্নভাবে আরো কয়েক ঘটনায় মারা গেছে আরো ২৯ জন। এ ঘটনায় স্তম্ভিত নাগরিক সমাজ।

পেশাজীবী মিলন মনিরুজ্জামান বলেন, ‘আমেরিকান হিসেবে আমাদের পলিটিশিয়ানরা দাবি করেন আমেরিকা একটি প্রথম শ্রেণীর দেশ। কিন্তু সে দাবি কিভাবে করি?’

পরিসংখ্যান অনুযায়ী বন্দুক হামলার ঘটনা সবচেয়ে বেশি ঘটে মনটানা, ওয়াইমিং, নিউ মেক্সিকো, আলাস্কা, মিসৌরি, আরকানসাস, মিসিসিপি, আলাবামা, লুজিয়ানা ও ওয়েস্ট ভার্জিনিয়ায়। আর বছরে বন্দুক হামলার শিকার হয়ে যুক্তরাষ্ট্রে মারা যায় ছত্রিশ হাজার তিনশ তিরাশি জন।

এ অবস্থায় অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার পক্ষে আবারো জোড়ালো দাবি উঠেছে।

কবি ও লেখক কাজী আতীক বলেন, ‘এটি সত্যি হুমকির মত সময়। এখানে সংবিধান সম্মতভাবে মানুষ বন্দুক রাখতে পারে। এটির উপর এখন নজর দেওয়ার সময় এসে গেছে।’

প্রতি বছর যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আহত হন আরও এক লাখ মানুষ। হতাহতের এ সংখ্যা দিন দিনই বাড়ছে।

Share





Related News

Comments are Closed