Main Menu

সিলেটে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণ লুট

কানাইঘাট সংবাদদাতা: সিলেটের কানাইঘাট উপজেলার সাঁতবাক ইউপির চড়িপাড়া গ্রামের হাজী ফয়জুল হকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান- রাত ২টার দিকে ফয়জুল হকের পাকা বসত ঘরের কলাপসিবল গেট ও ঘরের দরজা ভেঙ্গে ৮/১০ জনের মুখোশ পরীহিত অস্ত্রধারী ডাকাতদল তার ঘরে প্রবেশ করে তার সদ্য ফেরত সৌদি প্রবাসী ছেলে মাহতাব উদ্দিন সহ পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে ডাকাতরা বসত ঘরের ৫টি কক্ষের শোকেস, আলমারির সব মালামাল তছনছ করে নগদ অনুমান ৭০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার, কয়েকটি মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

একপর্যায়ে ডাকাতরা মহিলাদের গলা এবং কানের স্বর্ণের দুল জোরপূর্বক ছিড়ে নিলে তাদের চিৎকারে ঘরের একটি কক্ষে থাকা গৃহকর্তা বৃদ্ধা ফয়জুল হক এগিয়ে আসেন। এসময় ডাকাতরা তাকে মারধর করে গুরুত্বর জখম করে। পরে ডাকাতরা মালামাল নিয়ে চলে গেলে ভোরে বাড়ির লোকজনের আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে হাত-পা বাঁধা অবস্থা থেকে মুক্ত করেন।

ফয়জুল হকের স্বজনরা জানান, ডাকাতরা পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। তাদের অনেকের হাতে বন্দুক সহ ধারালো অস্ত্র-শস্ত্র ছিল। ফয়জুল হকের পুত্র মাহতাব উদ্দিন আড়াইমাস আগে সৌদি থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন। তার আরেক ভাই সেলিম উদ্দিন ফ্রান্স, আরেক ভাই হেলাল সৌদি আরবে রয়েছেন।

এ ঘটনার খবর পেয়ে শনিবার সকালে কানাইঘাট থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ, সাঁতবাক ই্উপির চেয়ারম্যান আব্দুল মান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান। এসময় ওসি আনোয়ার জাহিদ এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবেন বলে ফয়জুল হকের পরিবারসহ স্থানীয় লোকজনকে আশ্বস্ত করেন।

Share





Related News

Comments are Closed