Main Menu

ধানখেতে গৃহবধূর গলাকাটা লাশ

বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) ভোরে ধানখেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূ হাসিনা বেগম (৫৫) উপজেলার পারিল খুয়ামুড়ি গ্রামের কৃষক আবদুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর থেকে গৃহবধূ হাসিনাকে বাড়িতে না পেয়ে স্বামী ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ নেন। শনিবার ভোররাত চারটার দিকে বাড়ির অদূরে গ্রামের একটি ধানখেতে ওই গৃহবধূর রক্তাক্ত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভোরে লাশ উদ্ধার করে।

সকালে ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে কিংবা অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed