শাবির এ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে
শাবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ৮টিসহ সিলেট নগরীর ৩২টি কেন্দ্রে ‘এ’ ইউনিটেরর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং দুপুর আড়াইটায় শাবির ৮টিসহ মোট ৪৬টি কেন্দ্রে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবছর বিশ্ববিদ্যালয়ের ১৭০৩টি(কোটাসহ) আসনের বিপরীতে এবার আবেদন করেছে ৭১ হাজার ১৮ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ৪২ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে।ইতোমধ্যে সকালের পরীক্ষাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
পরীক্ষার সার্বিক বিষয়ে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক রয়েছে বলে জানান তিনি। এছাড়া ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থাপনায় সিলেট কমিউনিটির সহায়তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছে। সার্বিক বিষয়গুলো নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষার দিন কঠোর অবস্থানে থাকবে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন। যেকোনো মূল্যে ভর্তি পরীক্ষায় সবধরনের জালিয়াত ঠেকানো হবে। তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের বিভিন্ন মাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
তিনি আরো জানান, শিক্ষার্থীরা পরীক্ষার হলে শুধুমাত্র নির্দিষ্ট ক্যালকুলেটর নিয়ে আসতে পারবে। অন্যকোনো ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ।
অন্যদিকে পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছে সংশ্লিষ্ট প্রশাসন। ভর্তি পরীক্ষার শৃঙ্খলা উপ কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ জানান, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে শৃঙ্খলা কমিটির চারটি টিম আলাদা আলাদা ভাবে সবসময় কাজ করবে।
এদিকে ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে নগরীর বিভিন্ন জায়গায় ২০টি বাস প্রদান করা হয়েছে। সিলেট চেম্বার অব কমার্স এর সভাপতি আবু তাহের মো. শোয়েব জানান, ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সিলেট নগরীতে বিনামূল্যে ২০টি পরিবহণ বাস বরাদ্দ দেয়া হয়েছে। ২০টি বাসের মধ্যে ১০টি বাস কদমতলী বাস টার্মিনাল ও রেল স্টেশনে থাকবে। ৫ টি বাস রিকাবিবাজার পয়েন্টে, ১ টি করে বাস আম্বরখানা, জেলরোড, সোবহানীঘাট, শহীদ মিনার ও জিন্দাবাজার পানসী রেস্টুরেন্টের সামনে থাকবে। প্রত্যেকটি বাস নির্ধারিত স্থান থেকে পরীক্ষার্থীদের নিয়ে সিলেট শহরের বিভিন্ন কেন্দ্র হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসবে।
এছাড়াও ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ‘বুস্টার্স’ এবং ‘সিলেট বাইকিং কমিউনিটি’ যৌথভাবে আগত পরীক্ষার্থীকে বিনামূল্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য মোটর সাইকেল সেবার উদ্যোগ গ্রহণ করেছে।
বৈরি আবহাওয়া থাকায় গুড়ি গুড়ি বৃষ্টিতে ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি পোহানোর সম্ভাবনা রয়েছে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী। তিনি জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে অন্ধ্র উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আর লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থিত। এর প্রভাবে সারাদেশের সাথে সিলেটেও সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হবে। তবে বড় ধরনের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed