আজারবাইজানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
বৈশাখী নিউজ ডেস্ক: জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২০ উন্নয়নশীল দেশের সংগঠন ন্যামের দুই দিনব্যাপী সম্মেলন ২৫-২৬ অক্টোবর বাকু কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
ফ্লাইটটির স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে বাকু হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
আজারবাইজানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আহমেদ ওগলু মাম্মাদ-গোলিয়েভ এবং তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দীকী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
বিমানবন্দরে অভ্যর্থনা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হিলটন বাকুতে নিয়ে যাওয়া হবে এবং আজারবাইজান সফরকালে তিনি এ হোটেলে অবস্থান করবেন।
শুক্রবার সকালে শেখ হাসিনা বাকু কংগ্রেস সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের স্বাগত অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তিনি ন্যামের অন্য নেতাদের সাথে অনুষ্ঠানস্থলের প্লেনারি হলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। পরে তিনি সেন্টারের ভোজ হলে প্রতিনিধিদলের প্রধানদের জন্য আয়োজিত আলোচনা ও মধ্যাহ্নভোজ এবং প্লেনারি সেশনে অংশগ্রহণ করবেন।
প্রধানমন্ত্রী সন্ধ্যায় হায়দার আলিয়েভ সেন্টারে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আয়োজিত আনুষ্ঠানিক অভ্যর্থনায় যোগ দেবেন।
শনিবার তিনি প্লেনারি সেশন, প্রতিনিধিদলের প্রধানদের জন্য আয়োজিত আলোচনা ও মধ্যাহ্নভোজ এবং সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন।
আজারবাইজানে দায়িত্ব পালনকারী তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের আয়োজনে হিলটন বাকুতে নৈশভোজেও যোগ দেবেন শেখ হাসিনা।
ন্যাম সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কয়েকজন রাষ্ট্র বা সরকার প্রধানের সাথে বৈঠক করতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
চার দিনের আজারবাইজান সফর শেষ করে শেখ হাসিনা রবিবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বাকু হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
ফ্লাইটটির একই দিন বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।
ঔপনিবেশিক ব্যবস্থা ভেঙে পড়া ও আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও অন্যান্য অঞ্চলের মানুষের স্বাধীনতা সংগ্রামকালে এবং স্নায়ুযুদ্ধের চরম সময়ে ন্যাম প্রতিষ্ঠিত হয়। এ সংস্থার কার্যক্রম ঔপনিবেশিকতা দূর করে অনেক দেশ ও মানুষের মুক্তি ও স্বাধীনতা অর্জন এবং কতগুলো নতুন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় মূল কারণ হিসেবে কাজ করে।
ন্যামে ১২০ সদস্য রাষ্ট্র, ১৭ পর্যবেক্ষক রাষ্ট্র ও ১০ পর্যবেক্ষক সংস্থা রয়েছে। এর প্রথম সম্মেলন ১৯৬১ সালে সাবেক যুগোস্লাভিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত হয়।
পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার মাঝে অবস্থিত আজারবাইজানের জনসংখ্যা ১ কোটি। বহু জাতি ও ধর্মের এ দেশটির নাগরিকদের ৯৬ শতাংশ মুসলিম।
ন্যাম বিশ্বের ১২০টি উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে গঠিত একটি ফোরাম, যা বড় কোনো পাওয়ার ব্লকের সঙ্গে বা বিপক্ষে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত নয়। জাতিসংঘের পর এটি বিশ্বব্যাপী রাষ্ট্রগুলোর বৃহত্তম গ্রুপিং।
ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু ও সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট জোসিপ ব্রোজ টিটোর উদ্যোগে ১৯৫৫ সালে বানডং সম্মেলনে সম্মত নীতিমালা প্রণয়নের পর ১৯৬১ সালে যুগোস্লাভিয়া বেলগ্রেডে ন্যামটি প্রতিষ্ঠিত হয়।
ভেনেজুয়েলার মারগারিটা দ্বীপে ২০১৬ সালে ১৭তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো হলেন চলতি ন্যাম সম্মেলনের চেয়ারপারসন।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed