Main Menu

‘ক্যাসিনোর সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না’

বৈশাখী নিউজ ডেস্ক: ক্যাসিনোর টাকার ভাগ যারা পেয়েছে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে সিলেটে সড়ক জোন অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ক্যাসিনোর টাকার ভাগ যারা পেয়েছে; তারা আওয়ামী লীগ কিংবা অন্য দলের অথবা পুলিশ প্রশাসনের হলেও কাউকে ছাড় দেয়া হবে না।

ক্যাসিনো বিরোধী অভিযান আওয়ামী লীগ নিজেদের ঘর থেকে শুরু করেছে জানিয়ে তিনি বলেন, এর সাথে যারা জড়িত, তাদের কাউকে ছাড় না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ওবায়দুল কাদের আরো বলেন, মহাসড়কে করিমন, নসিমনসহ তিন চাকার যান চলাচল বন্ধে কাজ চলছে। এ যানের আমদানির বিষয়টা বাণিজ্য মন্ত্রণালয়ের। আমদানি বন্ধ করতে একাধিক চিঠি দিয়েছি। এছাড়া নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করতে ব্যবস্থা নিতে আগে থেকেই প্রশাসনকে বলে রাখা আছে।

এদিকে সিলেট-ঢাকা চার লেন সড়কের ব্যাপারে তিনি বলেন, ফান্ডিংয়ের অভাবে আগে থেকে কাজ শুরু করা যায়নি। চার লেনের ব্যাপারে শুরু থেকেই তিনি আন্তরিক বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ সড়ক বিভাগের কর্মকর্তারা।

Share





Related News

Comments are Closed