এনামুলের বাড়ি থেকে বিপুল টাকা ও স্বর্ণ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ারহোল্ডার এনামুল হক এর রাজধানীর সূত্রাপুরের বানিয়ানগরের নিজ বাড়িতে টাকা রাখার জন্য ভল্ট বানিয়েছেন। ক্লাব থেকে পাওয়া টাকা বাসায় এনে রাখতেন এই ভল্টে । তবে সেখানেও টাকা রাখার জায়গা হতো না। তাই টাকা দিয়ে স্বর্ণালংকার কিনতেন এনামুল। র্যাব তার বাড়িতে অভিযান চালিয়ে ১ কোটি ৫ লাখ টাকা ও ৭২০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে র্যাব-৩ এনামুলের বাসায় অভিযান চালায়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে অভিযান শেষ হয়।
অভিযান শেষে র্যাব-৩–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সফিউল্লাহ বুলবুল সাংবাদিকদের বলেন, সূত্রাপুরের বানিয়ানগরে এনামুলের ছয়তলায় বাসার দোতলা ও পাঁচতলা থেকে তিনটি ভল্ট পেয়েছেন। এ ছাড়া ইংলিশ রোডে আরও পাঁচটি ভল্ট ভাড়া নিয়েছেন টাকা রাখার জন্য।
অভিযানের সময় একজন ম্যাজিস্ট্রেটের সামনে ভল্ট খোলা হয়। সেখান থেকে তারা ১ কোটি ৫ লাখ টাকা ও ৭২০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছেন। এ ছাড়া ৫টি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করে র্যাব। স্থানীয় লোকজন জানান, এসব অস্ত্র দিয়ে মানুষকে ভয়ভীতি দেখাতেন এনামুল ও তার ভাই রূপণ ভূঁইয়া।
র্যাব জানায়, এনামুলদের ১৫টি বাসা রয়েছে রাজধানীতে। ওয়ান্ডারার্স ক্লাবের অন্যতম শেয়ারহোল্ডার এনামুল ক্লাব থেকে টাকা এনে বাসায় রাখতেন। কিন্তু বিপুল পরিমাণ টাকা রাখার জায়গাও হতো না। তাই টাকা দিয়ে তিনি স্বর্ণালংকার কিনতেন। এনামুল হক এক সপ্তাহ আগে থাইল্যান্ড চলে গেছেন এবং তার ভাই রূপণ ভূঁইয়া পলাতক। র্যাব তাকে খুঁজছে। র্যাব আরও জানায়, নারিন্দার একটি বাসায় এনামুলের আরও একটি ভল্টের সন্ধান পাওয়া গেছে। সেখানে তারা এখন অভিযান চালাবে।
ক্যাসিনো ও অবৈধ জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সূত্রাপুরের বানিয়ানগরে স্থানীয় আওয়ামী লীগের দুই নেতা এনামুল হক ও রূপণ ভূঁইয়ার বাসায় র্যাব–৩ এ অভিযান চালিয়েছে।
ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, ‘এনামুল হক ও রূপণ ভূঁইয়া গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের দুই নেতা।’
গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত জাহান বলেন, ‘এনামুল হক থানা আওয়ামী লীগের সহসভাপতি আর রূপণ ভূঁইয়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন। অভিযোগ প্রমাণিত হলে আমরা এ দুজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
র্যাব-৩–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সফিউল্লাহ বুলবুল বলেন, ‘আজ সকাল ১০টায় এনামুল হক ও রূপণ ভূঁইয়ার বাসায় অভিযান চালানো হয়। কিন্তু তারা দুজনই পালিয়ে গেছেন। তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানি না, তবে তারা নিজেদের নামে বেশ কিছু পোস্টার টানিয়েছে। এনামুল হক ও রূপণ ভূঁইয়া ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ারহোল্ডার।’
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed