Main Menu

সিলেটে সমাবেশের অনুমতি মেলেনি, বৈঠকে বিএনপি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কারাগারে আটক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। এ কারণে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেছে দলটি।

মঙ্গলবার বেলা দুইটায় সিলেটের রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। এজন্য সেখানে মঞ্চও প্রস্তুত করছিল বিএনপি। সোমবার বিকেলে একদল পুলিশ সেখানে গিয়ে মঞ্চ ছোট করে দেয়। তবে রাতে পুলিশ সমাবেশ হচ্ছে না বলে জানায়।

এতে প্রধান অতিথি হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার কথা।

মহানগর পুলিশের একটি সূত্র জানায়, “বিএনপিকে উন্মুক্ত স্থানে সমাবেশের অনুমতি দেয়া হয়নি। তবে ঘরোয়াভাবে অনুষ্ঠান করতে কোন বাধা নেই।”

রাত ১০টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, “সমাবেশ করতে অনুমতি দেয়া হয়নি। এজন্য আমরা বৈঠকে বসেছি। সিদ্ধান্ত পরে জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।”

এদিকে, মহাসমাবেশ উপলক্ষ্যে রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করেছিলেন, সমাবেশের জন্য সহযোগিতা চেয়ে মহানগর পুলিশের কাছে আবেদন করলেও তারা কোনো সাড়া দিচ্ছে না। পুলিশ কমিশনারের সাথে দেখা করারও সুযোগ মিলছে না। তবে পুলিশ সহযোগিতা না করলেও মহাসমাবেশ হবে বলেও সেসময় জানিয়েছিলেন নেতারা।

সোমবার রাতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, আমরা সমাবেশ আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি শেষ করে রেখেছিলাম। কিন্তু রাতে পুলিশ এসে আমাদের স্টেজ ব্যানার সব খুলে নেয়।

তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে শেষ মূহুর্তে আমাদেরকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি। তারা জানিয়েছেন, খোলা জায়গায় আমরা সমাবেশ করতে পারবো না।

অন্য কোথাও সমাবেশ করা হবে কি না এ ব্যাপারে নাসিম বলেন, আমরা সবাই বসে এ সিদ্ধান্ত নেবো।

এ ব্যাপারে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা বলেন, বিএনপি সমাবেশ করার জন্য অনুমতি নেয়নি। তাই রেজিস্টারি মাঠ থেকে তাদের মঞ্চসহ সব সরঞ্জাম সরিয়ে নিতে বলেছি। তারা নিজেরাই এগুলো সরিয়ে নিয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, রেজিস্টারি মাঠে বিএনপিকে বিভাগীয় সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে তাদেরকে কোনো মিলনায়তন কিংবা অভ্যন্তরে কোথাও সমাবেশ করতে বলা হয়েছে।

Share





Related News

Comments are Closed