Main Menu

আফগানিস্তানে এক মাসে নিহত ২৩০৭

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান যেন এক মৃত্যু উপত্যকার নাম। প্রতিদিন দেশটির কোথাও না কোথাও হামলায় সাধারণ মানুষের প্রাণহানি হচ্ছেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গেল আগস্টে একমাসেই আফগানিস্তানে ৬১১টি হামলার ঘটনায় ঘটেছে। তাতে নারী-পুরুষ-শিশুসহ ২৩০৭ জনের প্রাণহানি ও ১৯৮৪ জন আহত হয়েছেন। যেখানে গড়ে প্রতিদিন ৭৪ জন হামলায় প্রাণ হারাচ্ছেন।

তবে বিবিসির এই প্রতিবেদনে উঠে আসা তথ্যের সঙ্গে আফগান সরকার কিংবা তালেবান জঙ্গিরা দ্বিমত পোষণ করেছে।

বিবিসি জানিয়েছে, আফগান যুদ্ধের প্রায় ১৮ বছর পর যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি আলোচনা চলমান থাকা অবস্থায় আফগানিস্তান জুড়ে রক্তক্ষয়ী সংঘর্ষে এসব হতাহতের ঘটনা ঘটে। বেশিরভাগ প্রাণহানি হচ্ছে বোমা হামলায়। তাতে তালেবান অনেক যোদ্ধাই নিহত হয়েছে। মোট নিহতের ৫ ভাগের ১ ভাগ বেসামরিক লোক। সেই হিসাবে গেল আগস্টে দেশটিতে ৪৭৩ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

এদিকে গেল সপ্তাহে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা বাতিল করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ট্রাম্প জানিয়েছেন, ভবিষ্যতেও তালেবানদের সঙ্গে মার্কিন সরকারের আলোচনার কোনও সম্ভাবনা নেই। এরইমধ্যে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিনিধির সঙ্গে তালেবানদের একটি প্রতিনিধিদল সম্প্রতি বৈঠক করেছে। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে তালেবান প্রতিনিধিদলটি।

বিশেষজ্ঞদের ধারণা, চলতি মাসেই আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। এখনও সময় আছে, যুদ্ধ বিরতি ইস্যুতে ‍যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবান জঙ্গিদের আলোচনায় বসার।

বিবিসির ওই প্রতিবেদনে জানানো হয়েছে, আগস্টের শুরুতে মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদ উল আজহাকে সামনে রেখে এক ধরনের অলিখিত যুদ্ধবিরতি চলছিল। ১০ থেকে ১৩ আগস্ট এই চার দিনে দেশটিতে ৯০ জনের প্রাণহানি ঘটেছে। ২৭ আগস্ট এক বিমান হামলায় ১৬২ জন তালেবান জঙ্গি নিহত হয়।

এর আগে ১৮ আগস্ট কাবুলে এক বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতি বোমা হামলায় ১১২ জন বেসামরিক লোক মারা যায়। পরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী এ হামলার দায় স্বীকার করে।

সম্প্রতি অধিকাংশ ক্ষেত্রেই তালেবান যোদ্ধা ও দেশটির আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে আগস্টে হামলা থেকে মুক্ত ছিল মাত্র ৩টি প্রদেশ।

অপর এক জরিপে সশস্ত্র সংঘর্ষের স্থান ও ঘটনার তথ্য সংরক্ষণ প্রকল্প (এসিএলইডি) জানান, চলতি বছর যুদ্ধ ও হামলায় হতাহতের দিক থেকে বিশ্বে এক নম্বর স্থানে আছে আফগানিস্তান। সিরিয়া ও ইয়েমেনের চেয়েও আফগানিস্তানে নিহতের হার প্রায় ৩ গুণ বেশি।

ইতোমধ্যে অপর এক প্রতিবেদনে আফগানিস্তানকে পৃথিবীর সবচেয়ে সংঘাতপ্রবণ দেশ হিসেবে প্রথম স্থানে রেখেছে গ্লোবাল পিস ইনডেক্স।

Share





Related News

Comments are Closed