Main Menu

নবীগঞ্জে ওসি-এসআইকে কোপালেন ছাত্রলীগ নেতা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ সোহান আহমেদ মুসাকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন থানার ওসি (তদন্ত) ও এক এসআই।

ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর অবস্থায় নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

একই ঘটনায় আহত এসআই ফখরুজ্জামানকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ শহরের সালামতপুর এলাকায় মুসাকে তার দোকান থেকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। এ সময় মুসা দোকান থেকে একটি ধারালো রামদা নিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। রামদার আঘাতে ওসি (তদন্ত) উত্তম এবং এসআই ফখরুজ্জামান গুরুতর আহত হন। পুলিশের উপর হামলা চালিয়ে মুসা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওসি তদন্ত উত্তম কুমারকে সিলেটে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

মুসা

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, মুসা একজন তালিকাভুক্ত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পরোয়ানা থাকায় পুলিশ গ্রেফতার করতে তার দোকানে অভিযান চালানোর সময় সে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই কর্মকর্তাকে আহত করেছে। মুসাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ওসি আরও বলেন, গুরুতর অবস্থায় উত্তম কুমারকে (ওসি-তদন্ত) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও আহত এসআই ফখরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

এদিকে পুলিশকে কুপিয়ে আহত করার ঘটনায় মুসার বিরুদ্ধে নতুন করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি ইকবাল হোসেন।

Share





Related News

Comments are Closed