Main Menu

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে বউ-শাশুড়ীর মৃত্যু

জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ শাশুড়ীর মৃত্যুর ঘটনা ঘটছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে নিজ ঘরে পল্লী বিদ্যুতের সংযোগের তার ছিড়ে ঘরের গ্রিলে পড়লে গৃহকর্তা গিরিন্দ্র দাসের স্ত্রী সন্ধ্যা রানী দাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। চিৎকার শুনে ছেলে রিংকু দাসের স্ত্রী সেবা রানী দাস শাশুড়ীকে রক্ষায় এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।

মেঘারকান্দি গ্রামের বাসিন্দা বকুল দাস জানান, আমার কাকী (চাচী) ও তার অন্তঃসত্ত্বা ছেলের বউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলে আমরা তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।

স্হানীয় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল হক জানান, মেঘারকান্দি গ্রামের দুই নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীর মৃত্যুর খবর পেয়েছি। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed