Main Menu

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ৩৯ জন

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এ বছর পাঁচটি ইউনিটে মোট ৭ হাজার ১১৮ আসনের বিপরীতে ২ লাখ ৭৬ হাজার ৩৯১ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন। এ হিসেবে পাঁচ ইউনিটের প্রতি আসনে জন্য ৩৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাবিতে অনলাইনে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া গত ৫ আগস্ট শুরু হয়। এ প্রক্রিয়া শেষ হয় ২৭ আগস্ট।

‘ক’ ইউনিটে প্রতি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৪৯ জন, ‘খ’ ইউনিটে প্রতি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ১৮ জন, ‘গ’ ইউনিটে প্রতি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ২৩ জন, ‘ঘ’ ইউনিটে প্রতি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৬২ জন এবং ‘চ’ ইউনিটে প্রতি আসনের জন্য ১১৮ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

আগামী ১৩ সেপ্টেম্বর ‘গ’ ইউনিট দিয়ে এবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। ২০ সেপ্টেম্বর ক-ইউনিট, ২১ সেপ্টেম্বর খ-ইউনিট এবং ২৭ সেপ্টেম্বর ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া চ-ইউনিটের সাধারণ জ্ঞান অংশের পরীক্ষা আগামী ১৪ সেপ্টেম্বর এবং অঙ্কন অংশের পরীক্ষা ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এবার প্রথম ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। মোট ১২০ নম্বরের মধ্যে এমসিকিউয়ের জন্য থাকবে ৭৫ নম্বর ও লিখিত পরীক্ষার জন্য থাকবে ৪৫ নম্বর। ৯০ মিনিটের পরীক্ষায় এমসিকিউ অংশের জন্য শিক্ষার্থীরা সময় পাবেন ৫০ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট। তবে ‘চ’ ইউনিটে ৫০ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য এক ঘণ্টা এবং ৭০ নম্বরের অঙ্কন পরীক্ষায় ৯০ মিনিট সময় পাবেন ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীরা।

Share





Related News

Comments are Closed