Main Menu

গোলাপগঞ্জে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে সুন্দর খাঁ (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে সুন্দরখার স্ত্রী মিনারা বেগম (৫০) এর লাশ উদ্ধার করে পুলিশ। এরপরই সুন্দর খাঁকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের ছেলে তারেক আহমদ (২১) মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পৌর এলাকার নুরুপাড়া গ্রামে নিজ বাড়িতে মিনারা বেগম খুন হন বলে অভিযোগ করেছেন তার ছেলে তারেক।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নুরুপাড়া গ্রামের সুন্দর খাঁর সাথে তার স্ত্রী মিনারা বেগমের কথা কাটাকাটি হয়। এর পর তারা উভয় ঘরে ঘুমিয়ে পড়েন। তাদের ছেলে তারেক আহমদ বাড়িতে ছিলেন না। বুধবার সকালে তারেক আহমদকে তার বাবা মুঠোফোনে জানান, তার মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাৎক্ষণিক ছেলে বাড়িতে আসলে বাবার আচরণে সন্দেহ হয়। পরে তিনি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনারা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এবং তার স্বামী সুন্দর খাঁ (৬০) কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পুলিশ প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের স্বামী সুন্দর খাঁ (৬০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed