Main Menu

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণের আসামি নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্কুলছাত্রী ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) ভোরে লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ এলাকায় কথিত বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মাশকুর রহমান বন্দুকযুদ্ধের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গত ১২ এপ্রিল নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগে লোহাগাড়া থানায় দায়ের করা মামলার একমাত্র আসামি ছিলেন নিহত সাইফুল ইসলাম (২৬)। তিনি একটি কোচিং সেন্টারের মালিক বলে জানা গেছে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মাশকুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ধর্ষণ মামলার আসামি সাইফুল ইসলামকে ধরতে ভোরে অভিযান চালায় র‌্যাব-৭। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুলের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে সাইফুলের মরদেহ পড়ে থাকতে দেখে র‌্যাব।

মাশকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও ২৪টি গুলি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাইফুলের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed