Main Menu

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সুবীর নন্দীকে

বৈশাখী নিউজ ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ব্রিগেডিয়ার জেনারেল ডা. তৌফিক এলাহির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সোমবার (২৯ এপ্রিল) তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

একুশে পদকপ্রাপ্ত সংগীততাঙ্গনের তারকা সুবীর নন্দী হৃদরোগে আক্রান্ত হয়ে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি। তার মস্তিষ্কের অবস্থাও ভালো না। এখনো ঝুঁকি রয়েছে ফুসফুসের প্রদাহ নিয়ে। তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী।

সুবীর নন্দীর জামাতা রাজেশ সিকদার বলেন, গত ১২ এপ্রিল পরিবারের সবাই মিলে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে একটি অনুষ্ঠান ছিল। ঢাকায় ফেরার ট্রেনে ওঠার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তারা। ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। সেখানে একজন চিকিৎসক থাকায় তার পরামর্শে সুবীর নন্দীকে নিয়ে তারা ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে তাকে দ্রুত সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন সুবীর নন্দী। দীর্ঘ ৪০ বছরের সংগীতজীবনে আড়াই হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। অসুস্থ হওয়ার আগে পর্যন্ত রেডিও, টেলিভিশন, চলচ্চিত্রে নিয়মিত গান করেছেন। ১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ প্রকাশিত হয়। ১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন। সুবীর নন্দী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চারবার। সংগীতে অবদানের জন্য এ বছর একুশে পদক পান তিনি।

Share





Related News

Comments are Closed