Main Menu

ভারত-চীন-মিয়ানমার-নেপালে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: মাঝারি মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ভারতসহ তিন দেশ কেপে উঠেছে। মঙ্গলবার রাতে ভারতের উত্তর-পূর্বের দুই রাজ্য অরুণাচল ও আসামে ভূমিকম্প হয়। ওই কম্পন প্রতিবেশী দেশ চীন এবং মিয়ানমারেও অনুভূত হয়।

এছাড়া বুধবার সকালে নেপালেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই। তারা জানাচ্ছে যে, নেপালে জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, মঙ্গলবার রাতে তিনটি দেশে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। এটির উৎপত্তিস্থল ছিল আসামের ডিব্রুগড়। এর গভীরতা ছিল ৯ কিলোমিটার।

এদিকে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে অরুণাচল প্রদেশের ওয়েস্ট সিয়াংয়ে শক্তিশালী কম্পন অনুভূত হয়। ওই ভূমিকম্পের প্রভাবে তিব্বতের বিস্তীর্ণ অংশে কম্পন অনুভূত হয়েছে।

অন্যদিকে রাতের ওই ভূমিকম্পের জেরে চীন ও মিয়ানমারের কিছু অংশে কম্পন অনুভূত হয়। এই কম্পনের রেশ কাটতে না কাটতে বুধবার সকালে নেপালে জোড়া ভূমিকম্প আঘাত হানে।

প্রথম ভূমিকম্প আঘাত হানে সকাল ৬টা ২৯ মিনিটে আর দ্বিতীয়টি আঘাত হানে সকাল ৬টা ৪০ মিনিটে। তবে এই দুটি ভূমিকম্পেরই কম্পনের মাত্রা তুলনামূলক কম ছিল। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৫.২ ও ৪.৩। তবে এসব ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যদিও ভূমিকম্পের পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Share





Related News

Comments are Closed