Main Menu

ত্রিভুজ প্রেমের বলি কলেজ শিক্ষক সাইফুর

বৈশাখী নিউজ ডেস্ক: ত্রিভুজ প্রেমের কারণে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সিলেটের মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক সাইফুর রহমান।

পুলিশ জানায়, শিক্ষক সাইফুর রহমানের সাথে দীর্ঘ ৫ বছর ধরে প্রেম চলছে রুপা বেগমের। সাইফুর রহমান রূপার বাসায় লজিং মাস্টার ছিলেন। এই সুবাদে রুপার সাথে প্রেম হয় সাইফুরের। রূপাও ইতিহাস বিভাগের ছাত্রী। এভাবে তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠে। মাঝখানে আটককৃত মুজাম্মিল এসে রূপার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চায়। এতে বাঁধা দেন শিক্ষক সাইফুর। আর এ কারণেই তাকে খুন করা হয়।

ঘটনার পর গ্রেফতারকৃত মোজাম্মিল ও সাইফুরের প্রেমিকা রূপার প্রাথমিক স্বীকারোক্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে ওই শিক্ষককে খুন করা হয়েছে।

এদিকে সোমবার (১ এপ্রিল) শিক্ষক সাইফুর হত্যার ঘটনায় মা রনিফা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে হত্যাকাণ্ডের পর পৃথক অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে পুলিশ। নগরের টিলাগড় থেকে মোজাম্মিল হক ও শিক্ষক সাইফুরের প্রেমিকা রুপাকে সুরমা গেইট বড়টিলা এলাকার নিজ বাসা থেকে আটক করা হয়।

প্রসঙ্গত, রোববার (৩১ মার্চ) সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিরাই এলাকা থেকে কলেজ শিক্ষক সাইফুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাইফুর গোয়াইনঘাট উপজেলার ফলতইল সগাম গ্রামের মো. ইউসুব আলীর ছেলে। তিনি নগরের টিলাগড় জমিদার বাড়ির একটি মেসে থাকতেন। পেশায় শিক্ষক সাইফুর শহরের মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ছিলেন। পাশাপাশি গোয়াইনঘাটের তোয়াকুল কলেজেরও প্রভাষক ছিলেন।

Share





Related News

Comments are Closed