Main Menu

রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডবে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানী জুড়ে তাণ্ডব চালিয়ে গেল কাল বৈশেখী ঝড়। এতে অন্তত ২ জনের নিহতের খবর পাওয়া গেছে। এঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঝড়ে লণ্ডভণ্ড রাজধানীর সড়কগুলো। অনেক সড়কে গাছপালা ও বিলবোর্ড ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়েছে গেছে।

রবিবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে প্রায় আধা ঘণ্টাব্যাপী এই তাণ্ডব চলে। দমকা হাওয়ার সঙ্গে চলতে থাকে মুষলধারে বৃষ্টি।

ঝড়ের সময় পল্টনের একটি ভবন থেকে ইট পড়ে এক চায়ের দোকানী ও সংসদ ভবন এলাকায় এক নারী নিহত হয়েছেন। ঝড়ে পল্টনে নিহত চায়ের দোকানীর নাম মো. হানিফ (৪৫)। সংসদ ভবনে নিহত নারীর পরিচয় জানা যায়নি।

রাজধানীর রমনা এলাকার এক পথচারী জানান, রমনা পার্কের রাস্তায় হঠাৎ ঝড়ে দুটি প্রাইভেট কার ও দুটি সিএনজির ওপরে গাছ ভেঙে পড়েছে। তবে সেখানে কোনো প্রানহানি হয়নি।

হঠাৎ বৃষ্টিতে রাজধানীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। অফিস থেকে ঘরমুখীরা পড়েছেন চরম ভোগান্তিতে। ধুলোঝড়ে অন্ধকারে ঢেকে যায় রাজধানী। আকস্মিক এ ঝড়ের বেগ ছিল প্রচণ্ড। কিছু কিছু জায়গায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ যোগাযোগ। পথচারীরা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করতে থাকে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মৌসুমের প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঝড়টি রাজধানীতে সোয়া ৬টায় আঘাত হানে এবং এটি কয়েক মিনিট স্থায়ী ছিল।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৪ কিলোমিটার এবং ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আগামী দুই দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

Share





Related News

Comments are Closed